
শেষ আপডেট: 11 September 2022 15:43
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে জয়, মুক্তির স্বাদ! বিবাহ-বিচ্ছেদের (Divorce) চুক্তিপত্রে সিলমোহর পড়েছে আদালতের। সেই আনন্দেই 'পার্টি' (party) দিচ্ছেন ভোপালের (Bhopal) ১৮ জন পুরুষ। আয়োজনের নেপথ্যে রয়েছে একটি এনজিও (NGO)। রীতিমতো কার্ড ছাপিয়ে, আত্মীয় বন্ধু ও প্রতিবেশীদের নিমন্ত্রণ (invitation) জানিয়ে 'বিচ্ছেদ' উদযাপন করতে চলেছেন তাঁরা।
ভাই ওয়েলফেয়ার সোসাইটি নামে এনজিওটি বিবাহ বিচ্ছেদের আইনি জটিলতা এবং খোরপোষের জ্বালায় জর্জরিত পুরুষদের মানসিক, সামাজিক, আইনি ও আর্থিক সহায়তা দিয়ে থাকে। তারাই এই বিচ্ছেদ পার্টির আয়োজক। তাঁদের দাবি, বিচ্ছেদ মানেই যে জীবনের শেষ নয়, তা বোঝানোর জন্যই এই উদযাপনের ব্যবস্থা। বরং আইনি ঝামেলা থেকে মুক্তি পেল বিচ্ছেদ যে আসলে নতুন জীবনের শুরুটা বোঝানোই তাঁদের উদ্দেশ্য। সেই কারণেই 'বিবাহ বিচ্ছেদন সমারোহ' নামে এই অভিনব পার্টির আয়োজন করেছেন তাঁরা।
গত দু-তিন বছরে বিচ্ছেদ মঞ্জুর হয়েছে, এমন ১৮ জন ব্যক্তির নামে আগামী ১৮ সেপ্টেম্বর এই পার্টি দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই অভিনব পার্টির নিমন্ত্রণ পত্রের ছবি ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। তাতেই দেখা যাচ্ছে, এই পার্টিতে বেশ কিছু অভিনব ইভেন্টের ব্যবস্থাও করা হয়েছে। যেমন, পুরুষদের জন্য সঙ্গীত, অগ্নিসাক্ষী, সপ্তপদীর ব্যবস্থা রয়েছে। তবে সব কিছুই উন্নত জীবনের লক্ষ্যে। অগ্নিদেবকে সাক্ষী রেখে সমাজ এবং নিজেদের মঙ্গলের শপথ নেবেন তাঁরা। সবশেষে বিবাহ-বিচ্ছেদের শংসাপত্র বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের শুভ পরিসমাপ্তি ঘোষণা করা হবে।
প্রেমিকার ডাকে ভারতে এসে তিন বছর হাজতবাস! বাংলাদেশি যুবক মুক্তি পেলেন অবশেষে