অনেকেই প্রশংসা করেছেন এই ধরনের যোগ্যতাভিত্তিক নিয়োগের। কেউ কেউ আবার বলছেন, অন্তত হাইব্রিড ওয়ার্কের ব্যবস্থা থাকলে আরও সুবিধা হতো।

প্রতীকী ছবি (এআই দয়ে বানানো)
শেষ আপডেট: 12 July 2025 17:57
দ্য ওয়াল ব্যুরো: সিভি জমা দিতে হবে না। কলেজে কোন বিভাগে পড়েছিলেন বা আদৌ পড়েছিলেন কি না, তাও কেউ জানতে চাইবে না। ইন্টারভিউ চলবে না ঘণ্টার পর ঘণ্টা। তাও আবার বেতন বছরে এক কোটি টাকা! এই অভিনব নিয়োগ বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে বেঙ্গালুরুর এক স্টার্ট-আপ সংস্থার সৌজন্যে।
‘স্মলেস্ট এআই’ (Smallest AI)-এর প্রতিষ্ঠাতা সুদর্শন কামাথ এক্স হ্যান্ডেলে একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেন। যেখানে লেখেন, তাঁরা ফুল-স্ট্যাক টেক লিড (Full-Stack Tech Lead) খুঁজছেন। সেটি মুহূর্তেই ভাইরাল হয়। বছরে ৬০ লক্ষ টাকা বেতন, সঙ্গে ৪০ লক্ষ টাকার ইকুইটি (কোম্পানির অংশীদারিত্ব)। সপ্তাহে পাঁচদিন অফিস করতে হবে, তবে সময় নমনীয়। কাজের জায়গা হল বেঙ্গালুরুতে।
এই পদে আবেদন করতে লাগবে না সিভি বা প্রথাগত ডিগ্রি। বরং চাওয়া হয়েছে মাত্র ১০০ শব্দের একটি পরিচিতি-পত্র এবং নিজের সেরা কাজগুলোর লিঙ্ক। কামাথ স্পষ্ট করে দিয়েছেন, 'কলেজ জানতে চাই না, সিভিরও প্রয়োজন নেই।'
তাহলে কোন যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে?
এই পোস্ট ইতিমধ্যেই ৬০ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। এক জন এক্স ব্যবহারকারী লিখেছেন, 'আপনি যদি ৪-৫ বছরের অভিজ্ঞতা চান, তাহলে হয়তো সত্যিই ‘ক্র্যাকড’ মানুষদের পাবেন না।' কামাথ জবাব দিয়েছেন, 'এটা একটা থাম্ব রুল মাত্র। যাঁরা সত্যিই তুখোড়, তাঁরা এমনিই চোখে পড়বে।'
অনেকেই প্রশংসা করেছেন এই ধরনের যোগ্যতাভিত্তিক নিয়োগের। কেউ কেউ আবার বলছেন, অন্তত হাইব্রিড ওয়ার্কের ব্যবস্থা থাকলে আরও সুবিধা হতো।
এই কি ভবিষ্যতের নিয়োগ পদ্ধতি? উঠছে প্রশ্ন
১৫ জুলাই ‘ওয়ার্ল্ড ইয়ুথ স্কিলস ডে’। তার আগে এই ধরনের স্কিল-ভিত্তিক নিয়োগপদ্ধতি এক নতুন আলোচনার জন্ম দিল। ভারতীয় স্টার্ট-আপগুলি যে ধীরে ধীরে প্রথাগত ডিগ্রি থেকে বাস্তব দক্ষতার দিকে এগোচ্ছে, এই বিজ্ঞাপন তার প্রমাণ।
উল্লেখযোগ্য ভাবে, এটাই প্রথম নয়। এর আগেও এই কোম্পানি এক জুনিয়র ডেভেলপারের পদে ৪০ লক্ষ টাকার বেতনের অফার দিয়েছিল, সেখানেও সিভি লাগেনি।