
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 February 2025 19:22
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল, যখন কোচিং সেন্টারে পড়তে গিয়ে চোখে চোখ পড়ত, কলেজের করিডরে হঠাৎই দেখা হয়ে যেত ‘ড্রিম গার্ল’-এর সঙ্গে। আবার অফিসের একই প্রজেক্টে কাজ করতে গিয়েই শুরু হতো বন্ধুত্ব, যা পরে পরিণত হত প্রেমে। তখন ভালবাসার গল্পগুলো গড়ে উঠত সামনাসামনি আলাপচারিতা থেকে। কিন্তু সময় বদলেছে। কোভিড পরবর্তী যুগে প্রেমের সমীকরণেও লেগেছে প্রযুক্তির ছোঁয়া। বাড়িতে বসেই এখন মনের মানুষের খোঁজ মেলে—অনলাইন ডেটিংয়ের এই নতুন দুনিয়ায়।
অনলাইন ডেটিং অ্যাপের যুগে সম্পর্ক খোঁজা অনেক সহজ হলেও, প্রকৃত সংযোগ পাওয়া যেন ক্রমেই কঠিন হয়ে উঠছে। বারবার কথোপকথন শুরু হলেও শেষ হয় না—এর মধ্যেই যেন হারিয়ে যাচ্ছে সম্পর্কের মানে। এই সব কিছুর মাঝে সত্যিকারের ভালবাসা খোঁজা কি আদৌ সম্ভব? অতিরিক্ত ডেটিং (ওভার ডেটিং) কি মানসিক শান্তি কেড়ে নিচ্ছে?
অতিরিক্ত ডেটিংয়ের লক্ষণ কী?
সম্পর্ক বিশেষজ্ঞ এবং ‘রেড, গ্রিন অ্যান্ড সামটাইমস বেজ’ বইয়ের লেখিকা কস্তুরি মহান্ত এক সংবাদমাধ্যমকে জানান, অতিরিক্ত ডেটিংয়ের প্রথম লক্ষণ হল যখন একের পর এক ডেট প্ল্যান করতে গিয়ে যখন কেউ ক্লান্ত হয়ে পড়েন। তিনি বলেন, 'নিজেকে প্রশ্ন করুন, ‘আমি কি সত্যিই কারও সঙ্গে সংযোগ খুঁজছি, নাকি শুধু সময় কাটানোর উপায় খুঁজছি?'
বহুজনের সঙ্গে মেলামেশা মানেই কি সুখের সন্ধান?
অসংখ্য ডেটিংয়ের পরেও, বাস্তবে খুব কমই তা গভীর সম্পর্কে পরিণত হয়। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বেশি মানুষের সঙ্গে কথা বললে সম্পর্কের আসল মানেটাই কোথাও না কোথাও হারিয়ে যায়। 'আপনি কী করেন? কোথায় থাকেন?' বিভিন্ন মানুষকে বারবার বলতে বলতে তা বিরক্তির কারণ হয়ে ওঠে। লাইফ কোচ চেতনা চক্রবর্তীর মতে, 'একইসঙ্গে তিন-চার জনের সঙ্গে ডেটিং করলে প্রতিটি আলাপচারিতা একঘেয়ে হয়ে যায়। তাতে মনের মিল হওয়ার সম্ভাবনাও কমে যায়।'
অ্যালগরিদমের ফাঁদে পা দেবেন না
ডেটিং অ্যাপগুলির নকশাই এমনভাবে করা হয় যাতে ব্যবহারকারীরা বেশি সময় ধরে সক্রিয় থাকেন। প্রতিটি ম্যাচ বা নোটিফিকেশন সাময়িক আনন্দ দিলেও, পরবর্তী মুহূর্তেই আরও বেশি সংযোগের খোঁজ শুরু হয়। ভারতে ডেটিং অ্যাপে প্রতি এক জন মহিলার জন্য গড়ে তিন জন পুরুষ রয়েছেন। গবেষণায় দেখা গিয়েছে, মহিলারা সঙ্গী পছন্দ করার ক্ষেত্রে অনেকটাই বেছে বেছে সিদ্ধান্ত নেন, যার ফলে পুরুষরা বেশি সংখ্যক প্রোফাইলে ঢুঁ মারেন। ফলে, বহু পুরুষই একটার পর একটা প্রোফাইলে ‘স্বাইপ রাইট’ করতে থাকেন। কেবলমাত্র ম্যাচ হলেই ভালভাবে প্রোফাইলটি দেখেন। এতে সম্পর্কের যে গভীরতা, তা হারিয়ে যাচ্ছে।
অতিরিক্ত ডেটিং থেকে নিজেকে সরিয়ে রাখতে হলে প্রথমেই নিজের উদ্দেশ্য স্পষ্ট করতে হবে। আপনি কি দীর্ঘস্থায়ী সম্পর্কে আগ্রহী, নাকি সাময়িক বন্ধুত্ব খুঁজছেন? একবার নিজের লক্ষ্য ঠিক করে নিলে, তখনই সঠিক প্রোফাইলে মন দিন। যে কোনও মানুযের সঙ্গে শুধু কথা বলতে ভাললাগছে বলে কথা বলছেন, এমনটা হলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। অতএব, ডেটিংয়ের সময় সংখ্যার পিছনে না ছুটে, মনোযোগ দিন যে কোনও একটি মানুষের দিকে।