
শেষ আপডেট: 28 April 2025 13:12
দ্য ওয়াল ব্যুরো: বিলাসবহুল গাড়িতে চড়ে বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করেন ফরিদাবাদের অমিত ভাদানা। ব্যাঙ্কের চাকরি ছেড়ে বেছে নিয়েছিলেন এই পেশা (Amit Bhadana, Man Who Delivers Milk On Luxury Car)। গাড়ির প্রতি ঝোঁক এবং পরিবারের পেশার প্রতি শ্রদ্ধা, তাঁর গল্প শুনে মুগ্ধ নেটপাড়া।
ফরিদাবাদের মহব্বাতাবাদ গ্রামের বাসিন্দা অমিত ভাদানা (Amit Bhadana)। প্রত্যেকদিন দুপুরে তিনি অডি-তে চড়ে দুধ বিক্রি করতে বাড়ি থেকে বের হন। এই গাড়িটি সাধারণত বিলাসবহুল জীবনযাত্রার সঙ্গে সম্পর্কিত। কিন্তু এখন অমিতের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে।
গ্রাহকরাও সকালবেলা বাড়ির বাইরে অমিতের জন্য অপেক্ষা করেন। তিনি যে আন্দাজে গাড়ি থেকে নেমে দুধ বিক্রি করতে আসেন, তা অনেকেই ফোনে রেকর্ড করে ফেলেন। অমিতের সঙ্গে ছবি তোলার জন্য আশেপাশের এলাকা থেকেও লোকেরা এসে ভিড় জমায়।
View this post on Instagram
এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে অমিত জানান, ছোট থেকেই গাড়ি চালানোর প্রতি তাঁর ঝোঁক রয়েছে। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর ব্যাঙ্কে ভালো মাইনের চাকরি পেয়েছিলেন। কিন্তু কয়েকদিন যাওয়ার পর তিনি বুঝতে পারেন এই কাজ তাঁর জন্য নয়। অবশেষে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেন।' তিনি আরও জানান, 'তাঁর পরিবার দুধ বিক্রির পেশার সঙ্গে যুক্ত। এখানেই তিনি সুযোগ খুঁজে পেয়েছিলেন। যেখানে প্যাশন ও পেশাকে একসঙ্গে জুড়তে পারবেন।'
এরপরই কর্পোরেট চাকরির দুনিয়া ছেড়ে হাত লাগান পরিবারের পেশায়। প্রথমে বাইকে করেই বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করেন। সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসা বাড়াতে শুরু করেন অমিত। এখন তিনি অডিতে করেই দুধ বিক্রি করছেন। অমিতের এক গ্রাহক নীতি বলেন, "১৩ বছর আগে বিয়ের পর এখানে আসি। সেইসময় থেকেই তাঁর (অমিত ভাদানা) থেকেই দুধ নিচ্ছেন। একটাই ফারাক রয়েছে, আগে অমিতবাবু বাইকে করে আসতেন এখন তিনি কোটি টাকার অডিতে আসছেন।"
কোনও কাজই ছোট বা বড় নয়, বরং মানুষের মানসিকতাই এটিকে ছোট বা বড় করে তোলে। "যদি কোনও কাজ নিষ্ঠার সাথে করা হয়, তাহলে জীবনের সমস্ত স্বপ্ন অবশ্যই পূরণ করা সম্ভব", দৃঢ় বিশ্বাস অমিত ভাদানার (Man Delivers Milk On Luxury Car)।