
শেষ আপডেট: 27 July 2022 12:18
দ্য ওয়াল ব্যুরো: ভিসা সংক্রান্ত ঝামেলায় যাত্রীকে বিমানে উঠতে না দিলেও তাঁর ব্যাগপত্র সমেত তাঁর পোষ্য দুই বিড়ালকে (Pet cats) বিমানে তুলে অন্য দেশে পাঠিয়ে দিল বিমান সংস্থা (Airline)। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে এয়ার কানাডার বিমানে (Air Canada)।
কানাডার নাগরিক আব্বাস জোয়েব গত ৬ জুলাই এয়ার কানাডার বিমানে করে মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন। কিন্তু ভিসা সংক্রান্ত সমস্যার জন্য নির্ধারিত দিনে আব্বাসকে বিমানে ওঠার অনুমতি দেয়নি বিমান সংস্থার কর্মীরা। কিন্তু মালিককে আটকে দিলেও ব্যাগপত্র সহ তাঁর দুই পোষ্য বিড়াল মিমি এবং ববাকে সান ফ্রান্সিস্কোতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আব্বাসকে জানায় বিমান সংস্থা। নিষ্ঠুরতার আরও বাকি ছিল। আব্বাস জানিয়েছেন, সংস্থার তরফে তাঁকে বলা হয় কোনওভাবে অন্য বিমান ধরে যেন তিনি সান ফ্রান্সিস্কো চলে যান, অথবা সুখানকার কাউকে বলেন তাঁর হয়ে বিড়ালগুলিকে নিয়ে নিতে।
চিউইং গামের বাবল ফুলিয়ে মাসে আয় ৬৭ হাজার! আজব ব্যবসা জার্মান যুবতীর
'আমার এমন কেউ নেই যারা ওদের নিতে পারবে। আমার পোষ্যদের সঙ্গে ছুড়ে ফেলে দেওয়া ব্যাগপত্রের মতো ব্যবহার করা হচ্ছিল। আমি সারাক্ষণ উদ্বেগে ছিলাম কারণ কেউ আমাকে বলতে পারছিল না ওরা কোথায় আছে,' জানিয়েছেন আব্বাস। ১৫ ঘণ্টা ধরে চেষ্টা করার পর শেষমেশ টরন্টো বিমানবন্দরে মিমি আর ববাকে আবার ফিরে পান তিনি। বিড়ালগুলি অত্যন্ত দুর্বল এবং সন্ত্রস্ত হয়ে পড়েছিল, দাবি আব্বাসের।
তবে এই ঘটনার পর পোষ্য নিয়ে বিমানে সওয়ার হওয়ার নিয়মে বদল এনেছে এয়ার কানাডা। পুরোনো নিয়ম অনুযায়ী, পোষ্যদের ব্যাগেজ কামরায় রেখে আসতে হতো যাত্রীদের। কিন্তু নতুন নিয়মে, হ্যান্ড ব্যাগেজের সঙ্গেই পোষ্যদের নিয়ে বিমানে চড়তে পারবেন যাত্রীরা। অথবা এয়ার কানাডার কার্গোতে করেও পোষ্যদের আলাদা ভাবে নিয়ে যাওয়া যাবে। নতুন নিয়ম লাগু হবে ১২ সেপ্টেম্বর থেকে। এই খবরে অত্যন্ত খুশি আব্বাস। 'আমি যে ঘটনার সম্মুখীন হয়েছি, আর কোনও পোষ্যের বাবা-মাকে যেন তার মুখোমুখি হতে না হয়,' দাবি তাঁর।