
শেষ আপডেট: 13 August 2022 14:46
দ্য ওয়াল ব্যুরো: প্রেমিক ছেড়ে গিয়েছেন। প্রতিশোধ নিতে খবরের কাগজের একটা গোটা পাতা জুড়ে বিজ্ঞাপন দিলেন প্রাক্তন প্রেমিকা। সেই বিজ্ঞাপনের (Ad Revenge) ছবি দেখে চোখ কপালে উঠেছে নেটবাসীর। সে বিজ্ঞাপনের পাতায় বড় বড় করে লেখা আছে, ‘ঠগবাজ!’ (Cheater)
বিজ্ঞাপনের সম্পূর্ণ বক্তব্য হল, ‘প্রিয় স্টিভ, আশা করি নতুন প্রেমিকার সঙ্গে খুব ভাল আছো। এবার সারা শহর জানবে কত বড় ঠগবাজ তুমি! ইতি, জেনি’।
এখানেই কিন্তু শেষ নয়। বিজ্ঞাপনের নীচের দিকে ছোট হরফে লেখা আছে, ‘এই বিজ্ঞাপনটাও আমি তোমার ক্রেডিট কার্ডের টাকা খরচ করেই দিয়েছি’।
এই বিজ্ঞাপন শহর জুড়ে ছড়িয়ে পড়তেই মানুষের মধ্যে প্রচুর কৌতূহল তৈরি হয়। পত্রিকার অফিস থেকে জানানো হয়েছে, স্টিভের পরিচয় জানতে চেয়ে অনেক ফোন এসেছে তাঁদের কাছে।

এই বিজ্ঞাপনের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই অনেক মানুষ জেনিকে সাহস দিয়েছেন। তাঁরা বলেছেন, যদি স্টিভ দোষী হয়ে থাকে তাহলে তাঁর মুখোশ টেনে খুলে দিতে।