
শেষ আপডেট: 9 August 2023 08:04
দ্য ওয়াল ব্যুরো: 'আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে'
জীবন অনিশ্চিত। অসুখ আছে, ভয় আছে, যন্ত্রণা আছে, মৃত্যু আছে। কিন্তু সবকিছুর উপরে রয়েছে বেঁচে থাকার আনন্দ। 'আনন্দ' ছবিতে রাজেশ খান্না বলেছিলেন, 'জিন্দেগি লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে।' অর্থাৎ দীর্ঘায়ু হওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হল যাপন। মনের আনন্দে, হেসে খেলে জীবন কাটানোই আসল। নিজের জীবন দিয়ে সেটাই প্রমাণ করে দিয়ে গেল ১০ বছরের এমা এডওয়ার্ডস। ক্যানসার (cancer) তার প্রাণ কেড়েছে ইতিমধ্যেই। কিন্তু তার আগে মেয়ের শেষ ইচ্ছা পূরণ করেছেন এমার বাবা মা। মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে মেয়ের প্রিয়তম বন্ধু তথা প্রেমিকের সঙ্গে তার বিয়ে দিয়েছেন তাঁরা (10-year-old girl gets married)।
এমা মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার (North Carolina) বাসিন্দা। গত বছরের জুন মাসে তাঁর লিম্ফোব্ল্যাস্টিক লিউকেমিয়া ধরা পড়ে। এই অসুখ আসলে এক ধরনের ক্যানসার, যা ক্রমশ মানুষের শরীরের অস্থিমজ্জাকে কুরে কুরে খেয়ে ফেলে। দুর্বল হয়ে যায় শরীর, এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে মানুষ। এই মারণ অসুখেই আক্রান্ত হয়েছিল এমা। চিকিৎসকরা বলেই দিয়েছিলেন হাতে বেশি সময় নেই আর। এদিকে ছোট্ট এমার খুবই ইচ্ছে ছিল বিয়ে করার।
এগিয়ে আসেন এমার প্রিয়তম বন্ধু তথা প্রেমিক ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফার 'ডিজে' উইলিয়ামস এবং তার বাবা মা। মাত্র ২ দিনের মধ্যে 'খেলনা' বিয়ের আয়োজন সেরে ফেলা হয়। নকল বিয়ে হলেও নিয়ম কিংবা অনুষ্ঠানের প্রস্তুতিতে কিন্তু কোনও ত্রুটি ছিল না। পোশাক এবং অন্যান্য জিনিসপত্র কেনা হয়, ভেন্যু বুক করে ফেলা হয়। এরপর গত ২৯ জুন বেগুনি রঙের গাউনে সেজে বিয়ের আসরে হাজির হয় এমা। সাদা টি-শার্ট এবং প্যান্টে হাজির হয়েছিল ড্যানিয়েলও। কাছের মানুষরাও নিমন্ত্রিত হিসেবে হাজির হয়েছিলেন সেই বিয়ের অনুষ্ঠানে।
এমার মা এলিনা জানিয়েছেন, আসল বিয়ে না হলেও আয়োজনে কোনও ত্রুটি রাখা হয়নি। তাঁদেরই এক বন্ধু বাইবেলের ভার্স পাঠ করেন, পাত্রের হাতে মেয়েকে সম্প্রদান করেন এলিনার বাবা। ব্রাইডসমেড হয়েছিল এমার এক বন্ধু। সবাই হাসি মজা করেন, খাওয়া দাওয়া হয়। নির্বিঘ্নেই মিটে যায় বিয়ে।
তারপর অবশ্য বেশিদিন গড়ায়নি। বিয়ের ১২ দিনের মাথাতেই ক্যানসারের কাছে হার মেনেছে এমা। মেয়ে চলে গেছে। এখন তার স্মৃতিটুকু আঁকড়েই বেঁচে রয়েছেন এমার বাবা-মা।
মুসলিম যুবককে দিয়ে থুতু চাটতে বাধ্য করার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে, ভাইরাল ভিডিও