
শেষ আপডেট: 2 March 2019 09:44
সুজয়ের কথায়, "এই আয়োজন নারীদের সম্মান জানানোর জন্য। যাঁরা প্রতিদিন নিজেদের হাজার ব্যস্ততা সামলেও সমাজের জন্য কিছু করেন, ভাবেন, একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন, তাঁদেরকেই আর একটু উৎসাহী করে তোলার প্রচেষ্টা।" ২৪ ফেব্রুয়ারি রবিবাসরীয় দুপুরের এই জলসায় হাজির ছিলেন শহরের নামিদামী তারকারা। অনুষ্ঠানের উদ্বোধনে হাজির ছিলেন ঋদ্ধি সেন, চৈতালি দাশগুপ্ত এবং অ্যাসিড অ্যাটাক সারভাইভার মনীষা পৈলান। গতে বাঁধা সামাজিক পরিকাঠামোর বেড়াজাল ভেঙে যে নারীরা জীবনে একদম অন্যভাবে কিছু করছেন, তাঁদের সম্মান জানাতে হাজির ছিল আসন্ন বাংলা ছবি 'মুখার্জীদা'র বউ'-এর টিমও।
এ দিন ছাদে আড্ডার পাশাপাশি আয়োজন করা হয়েছিল একটি প্রদর্শনীর। বিকিকিনি এই প্রদর্শনীর অঙ্গ নয়। বরং হাতের কাজ দেখতেই আগ্রহী ছিলেন দর্শকরা।
'বামা'-তে বাংলাদেশের গামছা দিয়ে বানানো ফ্যাশন ট্রেন্ডি পোশাক নিয়ে হাজির ছিলেন ত্রি পাল। পেশায় তিনি ওড়িশি নৃত্যশিল্পী। কিন্তু শখ গামছা দিয়ে নতুন নতুন জিনিস বানানো। ত্রি বলেন, "অনেক আত্মীয়ই বাংলাদেশে থাকেন। ছোট থেকেই তাই যাতায়াত। ওখানকার রংবেরংয়ের গামছা আমায় বরাবরই টানে। আর সেই থেকেই ভাবনা।" পড়াশোনা সূত্রেই কলকাতায় এসেছিলেন বনগাঁর মেয়ে ত্রি। কলকাতার ফ্ল্যাটেই এখন জমিয়ে চলছে ওয়ার্কশপও। ত্রি জানালেন, ক্রেতারা ওখানে এসেই কিনে নিয়ে যান পছন্দসই ব্যাগ কিংবা কুর্তি বা শাড়ির সঙ্গে ফ্যাশনেবল ব্লাউজ।
সূক্ষ্ম কাঁথাকাজের পসরা সাজিয়েছিলেন মহুয়া লাহিড়ী। তবে মহুয়ার কাজ কিন্তু বাজারচলতি শাড়ির 'কাঁথাস্টিচ' নয়। বাংলার একদম নিজস্ব এবং বহু প্রাচীন কাঁথাকাজ নিয়ে ক্যানভাসে কাজ করেন মহুয়া। দুর্মূল্য আর্টপিসের তুলনায় এ জিনিস কোনও অংশে কম নয়। পুরনো ঘরানার কাঁথাকাজের বিভিন্ন ফর্ম এবং টেকনিকই মূলত নিজের কাজের মাধ্যমে ফিরিয়ে আনতে চাইছেন মহুয়া। ক্যানভাসে পরিচিত কাগজের বদলে এক বিশেষ ধরনের সূক্ষ্ম কাপড়ে নিপুণ হাতে নিখুঁত ভাবে ফুটিয়ে তোলেন বিভিন্ন পুরনো কাঁথাকাজের ফর্ম।
ত্রি বা মহুয়া ছাড়াও হাজির ছিলেন আরও অনেকেই। কেউ নিপুণ হাতে গড়ে এনেছিলেন মাটির রকমারি জিনিস। কেউ বা এনেছিলেন গ্লাস পেন্টিংয়ের সম্ভার। রং-বেরংয়ের ওড়না দিয়ে মোড়া স্টল থেকে উঁকি দিচ্ছিল আরও অনেক বাহারি সামগ্রী। আর গোটা অনুষ্ঠানের ইউএসপি এক্কেবারে ঘরোয়া পরিবেশ। খোলামেলা আড্ডা জমিয়েছিলেন টলিউডের বহু তারকাই। পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। নাচ-গান-কবিতা-নাটক-----সব মিলিয়ে একদম জমজমাট পরিবেশ।
'বামা'-র অনুষ্ঠানে এ দিন হাজির ছিলেন সুখতারা লাল (ড্রামা থেরাপিস্ট), সৌরসেনী মৈত্র (অভিনেত্রী), শারনি পোদ্দার (গায়িকা-the miliputs) এবং পারমিতা সাহা (Entrepreneur and Artist)। অনুষ্ঠানে এই চার শিল্পীর হাতে 'SheKraft' অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
কিন্তু কী এই SPCKrafts? আর কেনই বা হঠাৎ এই আয়োজন?
শিল্পী সুজয় প্রসাদের সংগঠন হলো SPCKrafts। তবে শুধু সংস্থা না বলে একে বোধহয় সুজয়ের সন্তানসম বলাই ভালো। এই সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহিলার জীবনের নানান কঠিন পরিস্থিতিতে পরামর্শ দিয়ে থাকেন সুজয়। সবসময়ই চান তাঁদের জন্য নতুন কিছু করতে। আর সেই থেকেই এই ভাবনা। এর পাশাপাশি এই সংস্থার সদস্যদের নিয়ে সারা বছরই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকেন সুজয়। এ দিনের আসরে সেসবেরও ঝলক মিলেছে। সুজয় বলেন, "এ শহরের কত মহিলাই কত অন্য রকমের কাজ করেন। নিজ গুণে নিপুণ হাতে বানিয়ে তোলেন রকমারি সব জিনিস। যা দেখে চোখ ফেরানো দায়। এটা তাঁদের জন্যই একটা প্ল্যাটফর্ম। আর পাঁচজনের থেকে ওঁরা যে একটু আলাদা সেটা বোঝানোর জন্য, ওঁদের আত্মবিশ্বাসী করার জন্যই এই আয়োজন।"