
শেষ আপডেট: 3 June 2021 10:54

তাঁর আসল নাম রুমা ঘোষ। জন্ম ২১ নভেম্বর ১৯৩৪। মা সতী ঘোষ দেবী ছিলেন ক্লাসিক্যাল গায়িকা, তাঁর কাছেই গানের তালিম নেন রুমা। এর পর আলমোড়াতে উদয় শঙ্কর অ্যাকাডেমিতে ছোট্ট রুমাকে পাঠানো হয় নৃত্যশিক্ষার জন্য। এছাড়াও বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চাইল্ড আর্টিস্টের রোল করেছেন 'জোয়ার ভাটা' ছবিতে, যে ছবি ছিল দিলীপ কুমারের প্রথম ছবি।
সলিল চৌধুরীর সুরারোপিত 'মধুমতী' ছবি বিশাল সাফল্য পেলে সলিল চৌধুরী ফিল্ম জগতে ব্যস্ত হয়ে পড়লেন। কয়্যারের জন্য গান লেখা, কয়্যার পরিচালনা করার সময় পেতেন না। তাই সেই পতাকা দিয়ে গেলেন রুমা গুহঠাকুরতাকে। তাঁরই নেতৃত্বে একসময় একশো জন সদস্য নিয়েও দেশ বিদেশে পাঁচ হাজার শো করেছে ক্যালকাটা ইউথ কয়্যার।
গণসঙ্গীতের চেতনা এবং স্বদেশবোধ জাগ্রত হত এই কয়্যারের গানে গানে। অন্তত নাইন্টিজ কিডরা ভোলেনি তাঁদের ছোটবেলায় শোনা সেসব গান। কারণ প্রতিটি বাঙালি বাড়িতেই একটা ক্যালকাটা ইউথ কয়্যারের ক্যাসেট থাকত। বড়রাই ছোটদের শোনাতেন এসব গান, 'বিস্তীর্ণ দুপাড়ে, অসংখ্য মানুষের হাহাকার শুনে', 'ধনধান্য পুষ্প ভরা', ‘বলো বলো বলো সবে', 'আজ যত যুদ্ধবাজ', 'উঠো গো ভারত লক্ষ্মী', 'কদম কদম' নেতাজী সঙ্গীত। 'ভারতবর্ষ সূর্যের এক নাম' থেকে 'পল রবসন' তাঁর কন্ঠে না শোনা বাঙালি সে যুগে বিরলতম।
রুমা গুহঠাকুরতা মানেই কপালের মাঝে লাল বড় টিপ, লাল পেড়ে সাদা শাড়ি আর এক হাত তুলে কয়্যারকে পরিচালনা করার নির্দেশ দিয়ে গান। এ যুগের প্রজন্ম যেটা দেখতেই পেল না। দূরদর্শনে কিছু রেকর্ড করা আছে কিন্তু লাইভে এইসব গান যারা শুনেছেন তাঁরাই বুঝবেন এর মর্ম।
https://youtu.be/0wFULGAgpaU
‘Tu zinda hai to zindagi ki jeet mein yakeen kar‘ কবি শৈলেন্দ্র এই বিখ্যাত কবিতা লেখেন ক্যালকাটা ইউথ কয়্যার ও রুমা গুহঠাকুরতার জন্য। যে গান যে কোন বামপন্থী মিছিলে একসময় জাতীয় সঙ্গীতসম ছিল।
এভাবে বম্বেতে জন্মানো কয়্যার, রুমা গুহঠাকুরতার হাত ধরে বিশ্ববন্দিত হল। যা পরবর্তী কালে কল্যাণ সেন বরাট আলাদা কয়্যার খুলেও ধরে রেখেছেন। কিন্তু সেই যুগটা তো এখন শেষ হয়ে গেছে। তবু মানুষ ভোলেনি সেই সব রক্ত গরম করা দিন।

রুমা গুহঠাকুরতা গঙ্গা, পার্সোনাল অ্যাসিস্টেন্ট, আশিতে আসিও না, ক্ষণিকের অতিথিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে বিশাল হিট দেন> তবু তাঁকে প্রথম সারির নায়িকা ধরা হয়নি অথচ পার্শ্ব চরিত্রেও নির্জন সৈকতে, জোড়াদিঘীর চৌধুরী পরিবার—এসব ছবিতে একটা সময়ে অঞ্জন চৌধুরী, বীরেশ চ্যাটার্জী, সুজিত গুহর ছবিতে রমরমিয়ে অভিনয় করেছেন মায়ের রোলে।
একদিকে ক্লাস বোঝায় তাঁর ক্যালকাটা ইউথ কয়্যার থেকে কিশোর কুমার বা গুহঠাকুরতা পরিবারের আভিজাত্যে আবার অন্যদিকে মশলা বাংলা ছবিতে সাধারণ মায়ের রোলেও কি নিঁখুত রুমা। ভাবুন সেই 'একান্ত আপন' ছবিতে রনা গুন্ডার মা।
https://youtu.be/3ytSx7QhGHU
অথচ একাধারে এত গুণ যাঁর, তাঁকে সবসময় কিশোর কুমারের বউ বলেই আজও অভিহিত করা হয়। এটা হয়তো এ সমাজের পুরুষতন্ত্রের পরিচয়। কিন্তু সেটাকে অতিক্রম করে রুমা গুহঠাকুরতা আপন গুণে বিশ্ববন্দিতা।