
Sukhbir Singh Sandhu and Gyanesh Kumar
শেষ আপডেট: 14 March 2024 16:18
দ্য ওয়াল ব্যুরো: সরকারি ঘোষণার আগেই নতুন দুই নির্বাচন কমিশনারের নাম প্রকাশ্যে এনেছেন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বৃহস্পতিবার এই নিয়ে প্যানেল বৈঠক ছিল। সেই বৈঠক শেষেই অধীর জানিয়েছেন, নতুন দুই নির্বাচন কমিশনার হলেন সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। এবার জেনে নেওয়া যাক, এঁরা কারা।
লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী জানিয়েছেন, বুধবার মাঝ রাতে দিল্লি পৌঁছনোর পর তাঁর কাছে ২১২ জনের নামের তালিকা পাঠানো হয়েছিল। কিন্তু কম সময়ের মধ্যে এতগুলি নাম নিয়ে চর্চা করা সম্ভব হয়নি। পরে বৈঠকের ঠিক আগে তাঁকে মাত্র ৬ জনের নামের তালিকা দেওয়া হয়। সেখান থেকেই দুজনকে বেছে নেওয়া হয়েছে। ৬ জনের এই চূড়ান্ত তালিকায় নাম ছিল উৎপল কুমার সিং, প্রদীপ কুমার ত্রিপাঠি, জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু, ইন্দেবর পাণ্ডে, সুধীর কুমার গঙ্গাধর রাহাতের।
কে সুখবীর সিং সান্ধু?
১৯৬৩ সালে জন্ম নেওয়া সুখবীর ১৯৯৮ ব্যাচের আইএএস অফিসার ছিলেন। উত্তরাখণ্ডের মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে ছিলেন তিনি। তার আগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের উচ্চ শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি অমৃতসরের সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, অমৃতসর থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি করেছেন এবং তিনি একজন আইন স্নাতকও।
কে জ্ঞানেশ কুমার?
কেরল ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইএএস অফিসার জ্ঞানেশ কুমার। কয়েকদিন আগে সমবায় মন্ত্রকের সচিবের পদ থেকে অবসর নিয়েছেন। ওই মন্ত্রক গঠনের পর থেকেই তিনি পদে ছিলেন। এই মন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে আছে। এর আগে জ্ঞানেশ কুমার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কাশ্মীর বিভাগের যুগ্মসচিব ছিলেন।
দেশে মুখ্য নির্বাচন কমিশনার-সহ মোট তিন জন নির্বাচন কমিশনার থাকতে পারেন। এতদিন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুণ গোয়েল সব দায়িত্ব সামলাচ্ছিলেন। এদিকে তৃতীয় পদটি ফাঁকা ছিল। তার মধ্যেই গত ৯ মার্চ আচমকা পদ থেকে ইস্তফা দেন অরুণ গোয়েল। তাঁর এই সিদ্ধান্তের পর আসন্ন নির্বাচন নিয়েই চিন্তা দেখা দেয়। তবে আগেই জানা গেছিল, চলতি সপ্তাহে দুই নির্বাচন কমিশনারের নিয়োগ হয়ে যাবে। বৃহস্পতিবার প্যানেল বৈঠকের পর সেই দুজনের নাম সংবাদমাধ্যমে জানালেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।