
রচনা বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 16 April 2024 15:41
দ্য ওয়াল ব্যুরো: নির্বাচন মানে হার জিতের লড়াই। কেউ জিতবেন কেউ হারবেন। হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। দুই অভিনেত্রীর হাড্ডাহাড্ডি লড়াই কৌতূহল রয়েছে সকলের মধ্যেই।
অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের সদ্য রাজনীতিতে হাতেখড়ি হয়েছে। লকেট অবশ্য এই বিষয়ে অনেকটা এগিয়ে। সংসদীয় রাজনীতি থেকে সংগঠন সবই সামলেছেন লকেট, সঙ্গে রয়েছে 'দলবদলু' তকমাও। ২০১৫ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীতে ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে হুগলি লোকসভা কেন্দ্র থেকে দিল্লি পাড়ি দেন।
রচনা এর আগে কোনও নির্বাচনেই লড়াই করেননি। সরাসরি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন ‘দিদি নং ওয়ান’। নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেই মুখোমুখি দ্য ওয়ালের সাংবাদিকের সঙ্গে। প্রচার কেমন চলছে জানতে চাইলে রচনা বলেন, "প্রচার ভালোই চলছে, মানুষের সাড়াও পাচ্ছি বেশ।" এরপর বিভিন্ন প্রশ্নের পরে রচনার কাছে জানতে চাওয়া হয়, যদি হেরে যান তাহলে রাজনীতিতে থাকবেন? উত্তরে রচনা বলেন, "নির্বাচনে হেরে গেলেও দিদির পাশ ছেড়ে চলে যাব না। এরকম নয় যে আমি হেরে গেলাম আর আমায় বিরোধী দল ডেকে নিল আর আমি চলে গেলাম, এটা রচনা ব্যানার্জি করতে পারবে না। আমি আনুগত্যে বিশ্বাসী। চাইলে অনেক আগেই বিরোধী দলে নাম লেখাতে পারতাম। দিদিকে ছাড়া কিছু ভাবতে পারি না তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।"