
সৌগতকে কাঁচা অভিনেতা বললেন শুভেন্দু
শেষ আপডেট: 27 May 2024 20:54
দ্য ওয়াল ব্যুরো: রেমালের ধাক্কায় কলকাতা ও শহরতলির বহু এলাকা জলমগ্ন। এমনিতে ভৌগলিক ভাবে কলকাতা কড়াইয়ের মতো। তাই জল জমার সমস্যা বহুদিনের। তার উপর নিকাশির বেহাল অবস্থা হলে কথাই নেই।
দমদমে বহু জায়গায় জল জমায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সোমবার সকালে দেখা যায়, লোকজন নিয়ে রাস্তায় বেরিয়েছেন বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী সৌগত রায়। বাঁশ দিয়ে নালা খোঁচাচ্ছেন তিনি। আর তখন তাঁর মাথায় ছাতা ধরে আছেন তিন জন।
১৫ বছর ধরে সাংসদ।
— Suvendu Adhikari (Modi Ka Parivar) (@SuvenduWB) May 27, 2024
১৫ বছর ধরে পৌরসভার ক্ষমতায়।
১৩ বছর ধরে রাজ্যে ক্ষমতায়।
কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কি খোঁচাচ্ছেন উনিই জানেন!
ভাব খানা এমন যেন, এই ছ' মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম… pic.twitter.com/bjQwfliz2o
এ নিয়েই সৌগতকে খোঁচা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “কাঁচা অভিনেতা। তিন চার জন জোয়ান লোক ছাতা ধরে আছেন, আর বয়স্ক সাংসদ পোজ দিয়ে জল নিকাশির চেষ্টায়”।
সৌগত রায়ের বয়স ৭০ পেরিয়ে গেছে অনেক বসন্ত আগে। এবার তাঁকে প্রার্থী করা নিয়ে তৃণমূলের মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল। কারণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে ৭০ বছর বয়স হয়ে গেলে কর্মক্ষমতা কমে যায়। তুলনায় ৪৫-৫০ বছর বয়সে সাংসদ হলে তাঁর প্রোডাক্টিভিটি ভাল থাকে। তার জবাবে সৌগত বলেছিলেন, “আমরা কারখানার শ্রমিক নাকি যে উৎপাদনশীলতা মাপা যাবে?”
এদিন শুভেন্দু বলেন, “১৫ বছর ধরে সাংসদ। ১৫ বছর ধরে পৌরসভার ক্ষমতায়। কিন্তু নির্বাচনের আগে বেহাল নিকাশি ব্যবস্থার কারণে জল জমে যাওয়ায় বাঁশ দিয়ে কী খোঁচাচ্ছেন উনিই জানেন! ভাব খানা এমন যেন, এই ছ' মাস আগে তৃণমূল কংগ্রেস নামক এক দলের রেজিস্ট্রেশন হয়েছে আর ইনি এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন!” তিনি কটাক্ষ করে এও বলেন, “বাঁশটা কিন্তু দমদমের ভোটারদের চিনিয়ে দিলেন, পয়লা জুন আপনার ভাগ্যে তোলা থাকল”।
শুভেন্দু তৃণমূল ছাড়ার সময়ে তাঁর বিরুদ্ধে সবচেয়ে মুখর ছিলেন সৌগত। শুভেন্দুকে শেষবারের জন্য বোঝাতে উত্তর কলকাতায় একটি বাড়িতে তাঁকে ডেকে বৈঠকে বসেছিলেন, সৌগত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোর। এই বাড়িটি কংগ্রেসি ঘরানার নেতা হ্যাবলার বাড়ি। ওই বৈঠক থেকে বেরিয়ে শুভেন্দুকে আক্রমণ শুরু করে দেন সৌগত। অনেকে মনে করেন, সৌগতর উপর সেই থেকে রাগ রয়েছে শুভেন্দুর।
তবে শুভেন্দুর এক ঘনিষ্ঠ বিজেপি নেতা বলেন, “রাগটাগ কিছু না। দমদমে ভোট গ্রহণ হবে ১ জুন। তার আগে দমদমের মানুষকে এই নাটকটা দেখাতেই ওসব কথা বলেছেন দাদা”।