
সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হাত কত - ফাইল চিত্র
শেষ আপডেট: 25 May 2024 09:46
দ্য ওয়াল ব্যুরো: ষষ্ঠ দফা ভোটের আগে গত বুধবার থেকেই গোলমালের একাধিক ঘটনা ঘটেছে। নন্দীগ্রাম, মহিষাদলে ইতিমধ্যেই খুনের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকেও জায়গায় জায়গায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে। এরই মধ্যে সকাল ৯টা পর্যন্ত বাংলায় ১৬ শতাংশের বেশি ভোট পড়ে গেছে বলে জানাল নির্বাচন কমিশন।
যে তথ্য প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, বাংলার ৮ কেন্দ্রের গড় ভোটদানের হার ১৬.৫৪ শতাংশ। সবথেকে বেশি ভোট পড়েছে তমলুক কেন্দ্রে। আর সবচেয়ে কম ভোটদানের হার পুরুলিয়ায়। উল্লেখযোগ্য ব্যাপার, বাকি কেন্দ্রগুলির তুলনায় তমলুকই সবথেকে বেশি উত্তপ্ত হয়েছে ভোটকে কেন্দ্র করে। আর সেখানেই ভোটদানের হার বেশি।
কোন কেন্দ্রে কত ভোট পড়ল, দেখে নেওয়া যাক...
তমলুক - ১৯.০৭ শতাংশ
কাঁথি - ১৫.৪৫ শতাংশ
ঘাটাল - ১৮.২৭ শতাংশ
ঝাড়গ্রাম - ১৬.২২ শতাংশ
মেদিনীপুর - ১৪.৫৮ শতাংশ
পুরুলিয়া - ১২.৩৮ শতাংশ
বাঁকুড়া - ১৭.৬৯ শতাংশ
বিষ্ণুপুর - ১৮.৫৬ শতাংশ
শেষ পাঁচটি দফার মতো এই দফাও যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। এই দফায় বাড়ানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাও। কমিশনের তথ্য অনুযায়ী, শনিবারের ভোটে রাজ্যে মোট ৮৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হচ্ছে কুইক রেসপন্স টিমও। এই পর্বে ভোটে মোট বুথের সংখ্যা ৩ হাজার ৮০৪টি। থাকবে ২৯ হাজার ৪৬৮ রাজ্য পুলিশ।
পশ্চিম মেদিনীপুর জেলায় মোতায়েন রাখা হচ্ছে ২১৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পূর্ব মেদিনীপুরের জন্য রাখা হচ্ছে ২৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বাঁকুড়ার জন্য ১৭৮ কোম্পানি, ঝাড়গ্রামের জন্য ১৩৩ কোম্পানি, পুরুলিয়ার জন্য ১৩৭ কোম্পানি ও পূর্ব বর্ধমান জেলায় ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া ৯১৯ টি কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হচ্ছে কমিশনের তরফে।