
সকাল ৯টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার কত
শেষ আপডেট: 1 June 2024 10:30
দ্য ওয়াল ব্যুরো: শেষ দফার নির্বাচনে বাংলায় সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। কিন্তু তার মধ্যেও ১২ শতাংশ ভোট পড়ে গেল রাজ্যের ৯ আসন মিলিয়ে। নির্বাচন কমিশন যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে, শনিবার সকাল ৯টা পর্যন্ত রাজ্যে গড়ে ভোটদান হয়েছে ১২.৬৩ শতাংশ। ভোটদানের হারে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বসিরহাট।
শনিবার বাংলার উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, দমদম, বারাসত, বসিরহাট, যাদবপুর, ডায়মন্ড হায়বার, মথুরাপুর ও জয়নগরে আসনে ভোট হচ্ছে। কমিশনের তথ্য অনুযায়ী সকাল ৯টা পর্যন্ত এই ৯টি আসনের মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছে বসিরহাটে, ১৫.৬৬ শতাংশ। আর সবথেকে কম ভোট পড়েছে কলকাতা উত্তরে, ৮.৯২ শতাংশ।
বাকি সাত কেন্দ্রের কোথায় কত ভোট পড়েছে দেখে নেওয়া যাক...
দমদম - ১০.৮৬ শতাংশ
বারাসত - ১২.৯৪ শতাংশ
বসিরহাট - ১৫.৬৬ শতাংশ
জয়নগর - ১৩.১৩ শতাংশ
মথুরাপুর - ১৩.৫৪ শতাংশ
ডায়মন্ড হারবার - ১৪.১৬ শতাংশ
যাদবপুর - ১৩.৪৬ শতাংশ
কলকাতা দক্ষিণ - ১০.১৬ শতাংশ
কলকাতা উত্তর - ৮.৯২ শতাংশ
৯টি আসনের মধ্যে তিনটি আসনে বিশেষ নজর রেখেছে নির্বাচন কমিশন। সেগুলি হল, কলকাতা, বসিরহাট ও ডায়মন্ড হারবার কেন্দ্র। বাড়তি নজর রয়েছে ভাঙড়েও। সেখানের জন্য আলাদা করে মোতায়েন করা হয়েছে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালি বিধানসভার প্রতিও বাড়তি নজরদারি রেখেছে প্রশাসন। বসিরহাটে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ১১৬ কোম্পানি। এছাড়াও ৩ হাজার ১২০ জন রাজ্য পুলিশ কর্মী রয়েছেন।
শেষ দফায় রাজ্যের ৯টি লোকসভা কেন্দ্রের জন্য শুধু বুথের পাহারায় রয়েছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। মোট বাহিনীর সংখ্যা ১০২০ কোম্পানি। অর্থাৎ নজিরবিহীন নিরাপত্তার ঘেরাটোপে চলছে শেষ দফার ভোট।