
ফাইল চিত্র
শেষ আপডেট: 29 March 2024 09:07
দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে মহারাষ্ট্রে ফের ধাক্কা খেতে পারে কংগ্রেস। দলের মুম্বাইয়ের মুখ প্রাক্তন সংসদ সঞ্জয় নিরুপম প্রকাশ্যেই বিদ্রোহ ঘোষনা করেছেন। দলকে সাত দিন সময় দিয়ে বলেছেন, 'এরমধ্যে আমার বক্তব্যের সদুত্তর না পেলে নিজের সিদ্ধান্ত জানিয়ে দেব।'
নিরুপম অনুগামীরা জানাচ্ছেন মুম্বই উত্তর-পশ্চিম লোকসভা আসনে তাঁকে প্রার্থী করা না হলে দল ছাড়বেন এবং বিজেপি অথবা শিবসেনার সিন্ধে গোষ্ঠী, যে কোনও একটিতে যোগ দেবেন। সঞ্জয় মহারাষ্ট্র কংগ্রেসের একজন শক্তিশালী নেতা এবং গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। সংসদেও ছিলেন খুবই পরিচিত মুখ এবং সদা সরব। তবে ২০১৯ এ মুম্বই উত্তর-পশ্চিম আসনে তিনি হেরে যান।
সঞ্জয়ের বক্তব্য, বিগত পাঁচ বছর মানুষকে বুঝতে দেননি যে তিনি আর সাংসদ নেই। পাঁচ বছর মাটি কামড়ে পড়ে থেকেছেন এবং বর্তমান সাংসদের সঙ্গে সমানতালে মুম্বই উত্তর-পশ্চিম আসনের মানুষের সেবা করে গেছেন। তারপরও তাঁকে ওই কেন্দ্রে এবার টিকিট দেয়নি দল।
এই বিবাদের সূত্রপাত কংগ্রেসের শরিক শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীকে নিয়ে। মুম্বই উত্তর-পশ্চিমের এবার প্রার্থী দিয়েছে উদ্ভব গোষ্ঠী। শুধু ওই আসনটিই নয়, মুম্বইয়ের ছয়টও লোকসভা কেন্দ্রের পাঁচটি এবার প্রার্থী দিচ্ছেন উদ্ধবরা। সঞ্জয়ের অভিযোগ এটা উদ্ধবের গোপন এজেন্ডা। বন্ধুর ছদ্মবেশে তিনি কংগ্রেসকে খতম করার অভিযানে নেমেছেন। আর তার কাছে আত্মসমর্পণ করেছে মহারাষ্ট্র কংগ্রেস।
সঞ্জয় দীর্ঘ সময় মুম্বই কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত তিনিই ছিলেন মুম্বই উত্তর-পশ্চিমের সাংসদ। তাঁর আগে পাঁচ বছর সেখানকার সংসদ ছিলেন অভিনেতা গোবিন্দা। বৃহস্পতিবারই গোবিন্দা একনাথ শিন্ধের শিবসেনায় যোগ দিয়েছেন। পুরনো কেন্দ্রে তাঁকে প্রার্থী করতে পারেন মুখ্যমন্ত্রী।
বিগত কয়েক বছরের মতো এবারও লোকসভা ভোটের মুখে সব রাজ্যেই কংগ্রেস ছাড়ার হিরিক চলছে। তার মধ্যে মহারাষ্ট্র অন্যতম বলা চলে সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চহ্বন। মাস দুই আগে বিজেপিতে গিয়েছেন তিনি। এখন তিনি পদ্ম শিবিরের রাজ্যসভার সাংসদ। তার আগে হাত-শিবিরের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন মুম্বইয়ের আরেক জনপ্রিয় নেতা তথা প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা। এছাড়া দল ছেড়েছেন আরও অন্তত এক ডজন নেতা।
সঞ্জয় নিরুপম এখনও দল না ছাড়লেও বাকি বিদ্রোহীদের সঙ্গে তাঁর ফারাক হল তিনি কংগ্রেসের থেকেই দলের বিরুদ্ধে জোরালো ভাষায় মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, মহারাষ্ট্র কংগ্রেসের নেতারা দলকে রক্ষা করতে পারছেন না। মহারাষ্ট্রে কংগ্রেসকে মুছে দাওয়াই উদ্ধবের উদ্দেশ্য। আসলে এই উদ্দেশ্য নিয়েই শিবসেনা গড়েছিলেন উদ্ধবের পিতা প্রয়াত বালা সাহেব ঠাকরে।