
শেষ আপডেট: 7 April 2024 07:27
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী মোদী ও ভগবান রামকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপাত্মক প্রচারের অভিযোগে তৃনমূলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ হল বিশ্ব হিন্দু পরিষদ। অভিযোগকে মান্যতা দিয়ে তৃণমূলের বক্তব্য, বেশ করেছি। ঘটনাকে ঘিরে শোরগোল শিলিগুড়ি পুরসভার কিছু ওয়ার্ডে।
স্থানীয় সূত্রের খবর, তৃনমূলের পক্ষ থেকে কার্টুন সম্বলিত কিছু ফ্লেক্স লাগানো হয়। যেই ফ্লেক্সে দেখা যাচ্ছে, ভগবান রাম নরেদ্র মোদীর হাত জোর করে ছাড়িয়ে দিচ্ছেন! পাশে লেখা রয়েছে "ছাড় আমায় ছাড়। নিজের ক্ষমতায় অন্তত একটা নির্বাচন লড়ে দেখা।"
শনিবার এই ফ্লেক্সগুলি দেখা যায় শহরে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও এইগুলি ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এই ঘটনা সামনে আসতে ক্ষোভে ফেটে পড়েন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা। প্রথমে এলাকায় বিক্ষোভ দেখান কর্মীরা। পরে জলপাইগুড়ি পুলিশ সুপারের দারস্থ হয়ে তৃনমূলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ জমা দেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা।
বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলার সাধারন সম্পাদক শুভঙ্কর দত্ত বলেন, “ভগবান রাম আমাদের আরাধ্য দেবতা। আর তাঁকে নিয়ে তৃনমূল এইসব নোংরা রাজনীতি করছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর কোন দল যাতে দেবদেবী নিয়ে এইসব না করে তার অনুরোধ রাখছি। পাশাপাশি তৃনমূলের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়ে গেলাম।”
তৃনমূলের জেলা কমিটির সদস্য তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও জায়গায় যদি আমাদের কর্মীরা এই কাজ করে থাকে তবে আমি তাকে সমর্থন করছি। কারন রাম ও রাম মন্দিরকে নিয়ে বিজেপি রাজনীতি করে এবং এবারের ভোটেও করছে। রাম বিজেপির কিছু নেতার দেবতা নয়। রাম সকল হিন্দুদের দেবতা। তাই রামকে নিয়ে বিজেপির রাজনীতির বিরুদ্ধে এইসব পোস্টার।”
এ ব্যাপারে জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ফোন বেজে গিয়েছে। কোনও প্রতিক্রিয়া মেলেনি।