
তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ
শেষ আপডেট: 7 May 2024 16:57
দ্য ওয়াল ব্যুরো: তৃতীয় দফা ভোটের সকাল থেকে রাজ্যে বড় কোনও অশান্তির ঘটনা ঘটেনি। তবে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ, দক্ষিণ মালদহ কেন্দ্রে। সব অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এমনটা নয়। তারাও পাল্টা মারধরের অভিযোগ তুলেছে বিরোধীদের বিরুদ্ধে।
মালদহ দক্ষিণের সুজাপুরে তৃণমূল এজেন্ট সহ তিন দলীর কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শাসক শিবির দাবি করেছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে মারা হয়েছে। আক্রান্ত তৃণমূল কর্মীদের মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। তাঁদের সেখান দেখতে গেছিলেন মালদহ দক্ষিণের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলি রাইহান।
মু্র্শিদাবাদেও একাধিক বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সকাল থেকে। সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। তিনি তৃণমূল কর্মীদের মেরেছেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্টও চেয়ে পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এই জেলার শামশেরগঞ্জে আবার কংগ্রেস কর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। নিমতিতা অঞ্চলে তিনজন কংগ্রেস কর্মীকে শারীরিক হেনস্থা করেছে তৃণমূল বলে দাবি। এই ঘটনায় এক বৃদ্ধর পা ভেঙে গেছে বলেও খবর। একজনকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়।
বেলা ৩টে পর্যন্ত উপনির্বাচন সহ বাংলার পাঁচ জায়গায় কত ভোট পড়েছে সেই তথ্য প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এদিন চার লোকসভা আসনে বিকেল ৩টে পর্যন্ত মোট গড় ভোটের হার ৬৩.১১ শতাংশ। উত্তেজনা সত্ত্বেও সবচেয়ে বেশি ভোট পড়েছে মুর্শিদাবাদে। কমিশনের তথ্য অনুযায়ী, মুর্শিদাবাদে ৬৫.৮০ শতাংশ ভোট পড়েছে। এছাড়া মালদহ উত্তরে ৬১.৫০ শতাংশ এবং মালদহ দক্ষিণে ৬২.৯০ শতাংশ, জঙ্গিপুরে ৬২.৫৭ শতাংশ ভোট পড়ার তথ্য মিলেছে। ভগবানগোলা উপনির্বাচনে ভোট পড়েছে ৬১.১১ শতাংশ।