
শেষ আপডেট: 10 April 2024 20:19
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ভোট বাজারে শাড়ি লুঙ্গি বিতরণ করে বিপাকে পড়লেন ভাঙড়ের শ্রমিক নেতা। রাত পোহালেই ইদ। তার আগে বুধবার বিকেলে কয়েকশ মানুষের জন্য পোশাক বিতরণের ব্যবস্থা করেছিল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি।
সেখানে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন ভাঙড় ১ ব্লকের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি রাকেশ রায় চৌধুরী। এরপরেই তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ, এই ভাবে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছেন শাসকদলের ওই শ্রমিক নেতা।
রীতিমত মঞ্চ তৈরি করে, মাইক বাজিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার লাগিয়ে চলে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান। সেখানে ব্লক সভাপতি রাকেশ রায় চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শক্তিপদ মণ্ডল।
সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য বলেন, "বস্ত্র বিতরণ করে অবশ্যই বিধিভঙ্গ করেছে। এবিষয়ে আমরা কমিশনে নালিশ জানাব।" এই প্রসঙ্গে বিজেপি নেতা অবনী মণ্ডল বলেন, " যতই বস্ত্র বিতরণ করুক তৃণমূলের এবারে হার নিশ্চিত।"
অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরী বলেন, "প্রতিবছরই আমি রমজান মাসের ২৭ তারিখে এই অনুষ্ঠান পালন করি। হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়েও ভিন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা রাখি। এতে কোনও রাজনীতি নেই।"
ভাঙড়ের তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে সরব বিরোধী শিবির। এভাবে নির্বাচন ঘোষণা হওয়ার পর তৃণমূল নেতাদের ছবি সহ ব্যানার টাঙ্গিয়ে বস্ত্র বিতরণ করার ঘটনায় নির্বাচনী বিধিভঙ্গ করার অভিযোগ তুলে সরব হয়েছেন বিরোধীরা।