
শেষ আপডেট: 15 April 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে ফের দলবদল। বিজেপিতে যোগ দিলেন ব্যারাকপুরের যুব তৃণমূল নেতা প্রিয়াংশু পান্ডে।
প্রিয়াংশুর স্ত্রী জ্যোতি পান্ডে ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিনিও স্বামীর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন।
এলাকায় পূজারী হিসেবে প্রিয়াংশুর বাবা ধনুষধারী পান্ডের যথেষ্ট সুনাম আছে। সম্প্রতি ভোটের প্রচারে প্রিয়াংশুদের বাড়িতে গিয়েছিলেন অর্জুন। তৃণমূল নেতার বাড়িতে বিজেপি প্রার্থীর আগমন ঘিরে তখনই দলবদলের চর্চা শুরু হয়েছিল স্থানীয় রাজনৈতিক মহলে।
জল্পনা উস্কে সে সসময় অর্জুন বলেছিলেন, "যুদ্ধে চাণক্যের প্রয়োজন আছে। ছোট ভাই প্রিয়াংশুকে সঙ্গে নেব।"
এদিন সস্ত্রীক প্রিয়াংশু বিজেপিতে যোগ দেওয়ার পর অর্জুনের দাবি, "অপেক্ষা করুন। আরও অনেকে ভোটের আগে বিজেপিতে যোগ দেবেন।"
যদিও প্রিয়াংশুর দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে চাইছে না শাসক শিবির। তৃণমূলের স্থানীয় নেতাদের বক্তব্য, প্রিয়াংশু না কা ওয়াস্তে দলে থাকলেও উনি বরাবরই অর্জুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ফলে এই দলবদলে বিশেষ কোনও প্রভাব পড়বে না।
উনিশের লোকসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন। তবে এবারেও অর্জুনের ভাগ্যে টিকিট জোটেনি। পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। ফলে আবার ভোটের মুখেই গেরুয়া শিবিরে ফিরেছেন অর্জুন। বিজেপি তাঁকে প্রার্থীও করেছে।