
দেওয়াল লিখনকে কেন্দ্র করে সংঘর্ষ।
শেষ আপডেট: 23 April 2024 10:04
দ্য ওয়াল ব্যুরো: দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হলেন ১২ জন। ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুর লোকসভার সোনামুখী ব্লকের পেয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের শিবডাঙ্গা গ্রামে। পুলিশ জানিয়েছে, দেওয়াল লিখনকে কেন্দ্র করে ঝামেলা শুরু হয়। শেষে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।
ভোট শুরু হয়ে গেছে। এরই মধ্যে দেওয়াল-লিখন ঘিরে অশান্তির জেরে তেতে উঠেছে সোনামুখী ব্লক। স্থানীয়রা বলছেন, সোমবার থেকেই অশান্তি শুরু হয়েছে ব্লকে। দেওয়াল লিখনকে ঘিরে তৃণমূল ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ঝামেলা শুরু হয়। দু’পক্ষের মারামারিতে অনেকে জখম হয়। ঘটনাকে ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
বিজেপির অভিযোগ, বিষ্ণুপুর লোকসভার সোনামুখী ব্লকের বিজেপি কর্মী সমর্থকেরা গ্রামের দেওয়ালে সাদা চুনের প্রলেপ দেয়। তারপরেই রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকদের ওপর চড়াও হয়। লাঠিসোটা ও টাঙি নিয়ে বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় তিনজন মহিলা-সহ সাতজন বিজেপি নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর।
রাতেই আহত বিজেপি কর্মীদের নিয়ে যাওয়া হয় সোনামুখী গ্রামীণ হাসপাতালে। সেখানে তাঁদের দেখতে হাসপাতালে পৌঁছন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ ও সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি। জানা গেছে, আহতদের মধ্যে একজন বিজেপি নেতার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বাঁকুড়া সম্মিলনী ও মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা তৃণমূল দাবি করেছে, বিজেপির দুষ্কৃতীরাই তাদের কর্মী-সমর্থককে মারধর করেছে। ৫ জন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সহ-সভাপতি দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেছেন, “এলাকায় বিজেপির পায়ের তলার মাটি হারিয়ে গেছে তাই নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই আহত হয়েছে বিজেপি কর্মীরা।”