
শেষ আপডেট: 12 April 2024 15:56
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার জম্মু-কাশ্মীরের উধমপুরে নির্বাচনী জনসভায় বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, সাহস থাকে তো ৩৭০ ফিরিয়ে দেখান। তাৎপর্যপূর্ণ হল, এই বিষয়েও প্রধানমন্ত্রী কংগ্রেসকে একতরফা আক্রমণ করেছেন। যদিও জম্মু কাশ্মীরের স্থানীয় দলগুলির মতো সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বিলোপের বিরোধিতা করেনি কংগ্রেস। প্রধান বিরোধী দল ওই অনুচ্ছেদ বাতিলের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে। হাত শিবিরের আপত্তি বিধানসভার অনুমোদন ছাড়া জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার ওই অনুচ্ছেদ বাতিল করায়।
প্রসঙ্গত, ২০১৯ -এর অগাস্টে ৩৭০ বাতিলের আগে নরেন্দ্র মোদীর সরকার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে বিধানসভা ভেঙে দেয়। ৩৭০ নম্বর অনুচ্ছেদ বাতিলের পাশাপাশি জম্মু-কাশ্মীরের রাজ্যের মর্যাদা বাতিল করে দিয়ে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে। জম্মু-কাশ্মীরকে আর একটি কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়।
শুক্রবার উধমপুরে লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী জনসভায় বলেন, জম্মু-কাশ্মীরে এখনও বিধানসভা ভোটের পরিবেশ নেই। জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার মতো অবস্থাও তৈরি হয়নি বলে জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। জম্মু-কাশ্মীরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির নজিরবিহীন উন্নতি হয়েছে বলে তিনি ভাষণে দাবি করেন। তাঁর কথায়, এবারই প্রথম এই এলাকার মানুষ নির্ভয়ে লোকসভা নির্বাচনে ভোটদান করবেন।
বিরোধীরা অনেকদিন ধরেই প্রশ্ন তুলছে, জম্মু-কাশ্মীরে যদি সত্যিই শান্তি ফিরে থাকে তাহলে সেখানে বিধানসভা নির্বাচন করা হচ্ছে না কেন। প্রধানমন্ত্রীর শুক্রবারের বক্তব্যের পর ফের সেই প্রশ্ন উঠেছে।