
শেষ আপডেট: 30 March 2024 13:19
দ্য ওয়াল ব্যুরো: '....ওঁরা শুধু রান্নাঘরে রান্নাটুকুই করতে পারেন!' ভোটের প্রচার সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনই বেফাঁস মন্তব্য করে বিতর্কে কংগ্রেসের বিধায়ক।
বিধায়কের এই মন্তব্যকে হাতিয়ার করে ইতিমধ্যেই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিজেপি। মহিলা প্রার্থীকে ব্যক্তি আক্রমণ এবং অপমানের অভিযোগে কমিশনেরও দ্বারস্থ হতে চলেছে তারা। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছে কংগ্রেস।
ঘটনাটি কর্ণাটকের। বিজেপি প্রার্থী গায়ত্রী সিদ্ধেশ্বরাকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্যে করার অভিযোগ উঠেছে কংগ্রেস বিধায়ক শামানুর শিবশঙ্করপ্পার বিরুদ্ধে। গায়ত্রী সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জিএম সিদ্ধেশ্বরার স্ত্রী।
শুক্রবার দলীয় কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক শামানুর শিবশঙ্করপ্পা বিজেপির বিরুদ্ধে এজেন্সি অপ ব্যবহারের অভিযোগে সরব হন। সেই সূত্রেই নিজের বক্তব্য টেনে আনেন বিজেপি প্রার্থীর প্রসঙ্গ। তাঁকে উদ্দেশ্য করে ভোটারদের শামানুর বলেন, 'আমরা এলাকায় উন্নয়নমূলক কাজ করেছি। ওরা আসলে কথা বলতে জানেন না। শুধুমাত্র রান্নাঘরে রান্নাই করতে জানেন।"
শামানুর শিবশঙ্করপ্পার ওই মন্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। কংগ্রেস মহিলাদের বরাবরই বঞ্চিত করেছে বলে পাল্টা অভিযোগ এনেছে বিজেপি। বিজেপি প্রার্থী গায়ত্রীও কংগ্রেস বিধায়কের এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করে বলেছেন, "শামানুর জনসমক্ষে কংগ্রেসের আসল রূপটা তুলে ধরেছেন। মোদীর সরকার ক্ষমতায় না থাকলে মহিলারা এভাবে সমাজের প্রতিটি ক্ষেত্রে পারদর্শী হয়ে উঠতে পারতেন না।" মোদী কীভাবে মহিলাদদের ক্ষমতায়ন করেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন গায়ত্রী।
দলের বিধায়কের এমন মন্তব্যকে ঘিরে ভোটের ভরা মরশুমে তীব্র অস্বস্তিতে পড়েছেন কংগ্রেসের নেতারাও। প্রকাশ্যে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসারব অভিযোগ আনলেও একান্ত আলাপ চারিতায় তাঁরা মানছেন,বেফাঁস মন্তব্য করে ভোটের মুখে বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন শামানুর।
বিষয়টি ঘিরে জনমানসেও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। বস্তুত, সাতের দশকে নারীর জগত বলতে বোঝানো হত- খিড়কি থেকে সিংহদুয়ার। তবে সময়ের সঙ্গে সঙ্গে সমাজে নারীর অগ্রগতি হয়েছে। রাজনীতি থেকে প্রশাসন, বিমান থেকে রেল- সব ক্ষেত্রেই এখন পুরুষদের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে কাজ করছেন নারীরাও। স্বাভাবিকভাবে ভোটের বাজারে এমন বেফাঁস মন্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে প্রচার তীব্রতর করেছে গেরুয়া শিবির।