
হাতাহাতিতে জড়ালেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য
শেষ আপডেট: 1 June 2024 11:06
দ্য ওয়াল ব্যুরো: শনিবার বাংলার ৯ আসনে লোকসভা নির্বাচনের পাশাপাশি বরাগনগরে উপনির্বাচনও হচ্ছে। সেখানে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে তুমুল বচসা হয়েছে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। শুধু কথা কাটাকাটি নয়, দুজনের মধ্যে কার্যত হাতাহাতি হয়।
তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন তন্ময় ভট্টাচার্য। তাঁকে বাধা দেওয়া হলে উত্তেজিত হয়ে পড়েন তিনি। যদিও সিপিএম প্রার্থীর পাল্টা দাবি, বাম এজেন্টকে ধমক দেওয়া হয়েছে সেই অভিযোগ পেয়েছেন তিনি। এরপর শুধু বুথ পরিদর্শনে গিয়েছিলেন, কোনও ভোটারের সঙ্গে কথাও বলেননি।
তন্ময় জানিয়েছেন, বরাহনগরের ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের নেতৃত্বে তাঁকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়। অভিযোগ, বুথ পরিদর্শনে যাওয়ার পরই তাঁকে দেখে ‘চোর-চিটিংবাজ’ বলে চিৎকার করেন কাউন্সিলর এবং তাঁর অনুগামীরা। সেই ঘটনার প্রতিবাদ করার জন্যই তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। তৃণমূলের অবশ্য বক্তব্য, সিপিএম প্রার্থীকে অনুরোধ করা হয়েছিল সেখান থেকে চলে যেতে। কিন্তু তিনি না গিয়ে উত্তেজনা তৈরি করেন।
তৃণমূলের অভিযোগকে পাত্তা না দিয়ে পাল্টা তন্ময় বলেছেন, পুরসভা ভোটে যে রিগিং করেছিল তা এখন করতে পারছে না তারা। তাই ধমক-চমক দিয়ে দাবিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই সিপিএম এজেন্টকেও ধমক দেওয়া হয়েছে। তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তৃণমূল নেতারা। পাল্টা তন্ময়ও তার জবাব দেন।