
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 3 June 2024 20:30
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই লোকসভা ভোটের গণনা শুরু হয়ে যাবে। মঙ্গলবার স্পষ্ট হয়ে যাবে ক্ষমতায় কারা এল, কত ভোট জিতে এল। অন্যান্য রাজ্যের মতো বাংলাতেও নিজেদের ভাল ফলে আশাবাদী বিজেপি। তবে গণনার আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন পুলিশ এবং আইপ্যাককে।
প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক নিয়ে বিজেপির অভিযোগ নতুন কিছু নয়। ভোটে কারচুপির অভিযোগ থেকে শুরু করে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করা হয়েছে তাঁদের বিরুদ্ধে। এছাড়া সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়েও আইপ্যাককে দুষেছে বিজেপি। মঙ্গলবার ভোটের গণনার ঠিক আগে সেই সংস্থাকেই নিশানায় নিলেন শুভেন্দু অধিকারী।
শেষ দফা ভোটের আগে মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে গেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ ছিল, একুশের ভোটে গণনা কেন্দ্রে ঢুকে পড়েছিল আইপ্যাকের টিম। তারা অন্তত চল্লিশ থেকে পঞ্চাশটি আসনে গণনায় কারচুপি করেছিল। এবারও তাই হতে পারে। সে কারণে কমিশনকে হস্তক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন শুভেন্দু। সোমবার সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ''গণতন্ত্র রক্ষা করা ডু অর ডাই। আইপ্যাক আর পুলিশ নোংরামি করলে গণধোলাই হবে!''
বাংলায় ৩০-৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ভোট প্রচারে রাজ্যে এসে বারবার এই দাবিই করেছিলেন তারা। তাহলে কি বিজেপি ৩০ আসন পাওয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী? গণনার আগের দিন সন্ধ্যায় কোনও সংখ্যার কথা বললেন না শুভেন্দু অধিকারী। তাঁর সাফ কথা, ''এক্সিট পোল বলে দিচ্ছে, আমি নিজেও শেষ দফার ভোট শেষে বলেছি, বাংলায় তৃণমূলের থেকে বিজেপি বেশি আসন পাবে। আমি কোনও সংখ্যার মধ্যে যাব না।'' শুভেন্দুর হুঙ্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং তাঁর সরকার এত পাপ করেছে যে একদিন ধ্বংস হবেই।