
সুজন চক্রবর্তী
শেষ আপডেট: 1 June 2024 15:52
দ্য ওয়াল ব্যুরো: সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে দেখে গো ব্যাক স্লোগান দিলেন মহিলারা। শনিবার শেষ দফার ভোটে সকাল থেকে এলাকা পরিদর্শনে বেরিয়েছিলেন সুজনবাবু। বেলার দিকে তিনি বিলকান্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সোদপুর মুড়াগাছা শশীভূষণ হাইস্কুলে ভোটকেন্দ্রে যান। সেখানে ২১৭ এবং ২১৮ নম্বর বুথে সিপিএম এজেন্টকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।
এজেন্টের পরিবারের সঙ্গেও দেখা করতে যান তিনি। সুজনবাবুকে দেখে কান্নায় ভেঙে পড়ে ওই সিপিএম এজেন্টের স্ত্রী। তাঁর অভিযোগ, স্বামী সিপিএম করে। এবার এজেন্ট হিসাবে কাজ করছেন। এদিন সকাল থেকে জেলা পরিষদের সদস্য সোমা ঘোষ তাঁর স্বামীকে খুনের হুমকি দিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে বেরতে দিচ্ছিলেন না। এই কথা বলতে বলতেই মাটিতে লুটিয়ে পড়েন সিপিএম এজেন্টের স্ত্রী। পরে সুজনবাবু তাঁকে আশ্বস্ত করে বাড়ি নিয়ে যান এবং বুথে ওই এজেন্টেকে বসিয়ে দিয়ে আসেন।
এরপরেই কয়েকজন মহিলা সুজন চক্রবর্তীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকেন। ওই মহিলারা তৃণমূল সমর্থক। তাঁদের মধ্যে অভিযুক্ত জেলাপরিষদ সদস্য সুপ্রিয়া ঘোষ ওরফে সোমা ঘোষও ছিলেন। তিনি বলেন, "সুজন চক্রবর্তী নাটক করতে এসেছেন। এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কাউকে বাধা বা প্রাণনাশের হুমকি দেওয়া হয়নি। ওনারা বুঝতে পেরেছেন বিপুল ভোটে হারবেন, তাই এমন নাটক করছেন।"
পানিহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের মুসলমান পাড়া আদর্শ বিদ্যাপীঠে ১৪৭, ১৪৮, ১৪৯, ১৫০ নম্বর বুথে সিপিএমের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন বিরোধীরা।