
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 21 May 2024 18:57
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: কেশপুরের সভায় যাওয়ার পথে বাধা পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। ফেরার সময়ে সেখানে দাঁড়িয়ে হুংকার দিলেন বিরোধী দল নেতা। হুঁশিয়ারি দিয়ে বললেন, "আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই, ক্ষমতা থাকলে আটকে দেখান। বুঝে নেব। কেশপুরে সন্ত্রাস করে ভোট করতে দেব না। রুখে দেব। মমতাকে প্রাক্তন করব। তোলাবাজ ভাইপোকে জেলে ঢোকাব।"
শঙ্কর ঘোষকে নিয়ে কেশপুরের ঘোষডিহা গ্রামে প্রচার সভায় গেছিলেন শুভেন্দু। সেখানে যেতে তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পরে সেই বাধা পেরিয়ে প্রচার সভা করেন রাজ্যের বিরোধী দলনেতা। সভা শেষ করে ফেরার পথে গ্রামে ঢোকার রাস্তায় কেশপুরের পুলিশকে হুঁশিয়ারি দেন।
সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকে উদ্দেশ করে বলেন, "যখন মারছিল, তখন আপনি ছিলেন? বেতন কি ভাইপো দেয় ? ট্যাক্সের টাকায় বেতন পান, লজ্জা করে না। ইলেকশন কমিশনের আন্ডারের আছেন, কী সাহস! একটা কারও গাড়িতে যদি ঢিল পড়ে, দফারফা করে দিয়ে চলে যাব। আমাকে চেনে না এখনও। মেদিনীপুরের ছেলে আমি। ওদের মালিক মমতাকে হারিয়েছি। ওর ভাইপোকে আমি প্যাকেট করব এই আমি বলে গেলাম। কত বড় মস্তান ভোট করতে দেবে না। লিড কীভাবে পায় দেখব। ২৪-২৫ দেখা হবে। তখনই আসল খেলা।"