
শেষ আপডেট: 8 March 2024 20:43
দ্য ওয়াল ব্যুরো: ভোটে জিততে নিজেই নিজের ওপর হামলার ছক কষছেন বাঁকুড়ার বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার!
সুভাষের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ এনেছেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। অরূপের অভিযোগ, “ভোটে জিততে নিজেই নিজের ওপরে হামলার ছক কষছেন সুভাষ সরকার। তারপর সেই হামলার দায় তৃণমূলের ঘাড়ে চাপিয়ে সহানুভূতির হাওয়া তৈরি করে ভোট বৈতরণী পার হতে চাইছেন।“
অরূপের দাবি, “এ ব্যাপারে গত বুধবার বিজেপির পার্টি অফিসের বৈঠকে নীল নকশা তৈরি করা হয়েছে।“ কর্মীদের সতর্ক করে অরূপের বার্তা, “কোনও ধরনের প্ররোচনায় পা দেবেন না।”
এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সুভাষ সরকার। বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দাবি, “তৃণমূল বুঝতে পারছে এখানে ওদের পরাজয় নিশ্চিত। তাই কর্মীদের উস্কানি দিচ্ছে, যাতে আমার ওপর হামলা চালানো হয়।“
এদিকে সুভাষ সরকার প্রচারে এলে তাঁকে ঝাঁটা পেটা করে এলাকা ছাড়ার নিদান দিয়ে বিতর্কে জড়িয়েছেন ইন্দপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খান। ১০ মার্চের ব্রিগেডের সমর্থনে বৃহস্পতিবার ইন্দপুরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রেজাউল বলেন, “সুভাষ সরকার আবার গলায় উত্তরীয় আর মালা পরে আপনাদের গ্রামে-পাড়াতে আসবে, মায়েরা রেডি থাকুন-ঝাঁটা পেটা করে বিদায় করবেন।”
ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল ওই ভিডিও। যদিও ভিডিওর সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি। তাৎপর্যপূর্ণভাবে ওই সভাতে হাজির ছিলেন তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা তালড্যাংরার বিধায়ক অরূপ চক্রবর্তীও।