
শেষ আপডেট: 18 April 2024 17:38
দ্য় ওয়াল ব্যুরো, বাঁকুড়া: গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। বৈশাখের শুরুতেই পারদ উঠছে ৪০ ডিগ্রির উপর। প্রচারে বেরিয়ে ইন্দপুর ব্লকের ব্রাহ্মনডিহা পঞ্চায়েতের কেরালা গ্ৰামে একজনের গায়ে জল ঢেলে স্নান করিয়ে দিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার।
প্রচারে বেরিয়ে বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কখনও চুল কেটে, কখনও চপ ভেজে, কখনও উনুনে ফুঁ দিয়ে শিরোনামে এসেছেন। একই পথে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার। জুতো পালিশ থেকে স্নান করানো কিছুই বাকি রাখলেন না তিনি। রইল শুধু চণ্ডীপাঠ!
সংবিধানের প্রণেতা আম্বেদকরের জন্মদিনে বাঁকুড়া শহরের মাচানতলা থেকে লালবাজার পর্যন্ত র্যালি করেছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। হুড খোলা গাড়িতে করে প্রচারের সময় হঠাৎই তিনি নিজের হাতে তুলে নেন নিজেরই জুতো। হুডখোলা গাড়ির উপর দাঁড়িয়েই ব্রাশ দিয়ে সেই জুতো পালিশ করতে শুরু করেন। দাবি করেছিলেন, নিষ্ঠার সঙ্গে কাজ করলে কোনও কাজই ছোট নয়। বি আর আম্বেদকর দলিত ও অত্যন্ত নিম্নবর্গ থেকে উঠে এসে সংবিধান প্রণয়নের মতো মহান কাজ করেছিলেন। আম্বেদকরের স্বপ্ন পূরণ করছেন নরেন্দ্র মোদী। বি আর আম্বেদকরের সেই ভাবনা মানুষের মধ্যে ছড়িয়ে দিতেই তিনি এদিন জুতো পলিশ করেছেন।
সে ছিল নিজের জুতো পরিষ্কারের পর্ব। বৃহস্পতিবার সকালে তাক লাগালেন অন্যভাবে। ইন্দপুরের কেরালা গ্ৰামে প্রচারে বেরিয়ে দেখতে পান এক ব্যক্তি বসে আছেন গাছতলায়। পাশে রাখা একটি জলের বালতি। সুভাষবাবু সটান গিয়ে তাঁর মাথায় জল ঢালতে শুরু করেন। তাতে উৎফুল্ল হতে দেখা যায় গ্রামের ওই বাসিন্দাকেও। সুভাষবাবুর সঙ্গেই তাঁকে স্নান করাতে এগিয়ে আসেন দলের অন্য কর্মীরাও।
সুভাষবাবু বলেন, "আমরা সবসময়ই মানুষের পাশে থাকি। কারণ আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী। এত গরমে ওঁকে দেখলাম গাছের নীচে বসে থাকতে। পাশে ছিল জলের বালতি। মনে হল স্নান করলে একটু ভাল লাগতে পারে ওঁর। তাই গায়ে মাথায় জল ঢেলে দিয়েছি।" যাঁকে স্নান করিয়ে দিয়েছেন প্রার্থী তিনি অবশ্য কিছু বলতে চাননি।