
শেষ আপডেট: 1 March 2024 14:50
দ্য ওয়াল ব্যুরো: এ কী হল...! লোকসভায় হ্যাটট্রিক করা তৃণমূল সাংসদ সৌগত রায়ের বিদায় কি আসন্ন? ঘাসফুলের বর্ষীয়ান নেতা তথা শিক্ষিত, মার্জিত, ভদ্রলোক, অধ্যাপক বহু তকমায় ভূষিত সৌগত রায় নিজেই রবীন্দ্রনাথের গানের উল্লেখ করে এ নিয়ে সংশয় জাগিয়ে তোলেন। বরানগর পুরসভার এক অনুষ্ঠানে প্রবীণ নেতা সৌগত বলেন, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই পথে। কে বলে গো সেই প্রভাতে নেই আমি। সকল খেলায় করব খেলা এই আমি। কে বলে গো সেই প্রভাতে নেই আমি। নতুন নামে ডাকবে মোরে বাঁধবে নতুন বাহুডোরে আসব যাব চিরদিনের সেই আমি। তখন আমায় নাই বা মনে রাখলে।
সৌগত রায়ের এরকম মন্তব্য থেকেই গুঞ্জনের মেঘ জমে উঠেছে রাজ্যে রাজনীতিতে। তাহলে কি এবার লোকসভার টিকিট বঞ্চিত হতে চলেছেন তিনি! লোকসভা কক্ষে তথ্যনির্ভর ভাষণে সরকারপক্ষকে গিলোটিনে চড়ানো নেতাকে ছেঁটে ফেলার আভাস বা বার্তা কি পেয়ে গিয়েছেন তিনি? কেন এরকম বললেন দমদমের তিনবারের সাংসদ?
বরানগরে ঠিক কী বলেন সৌগত রায়। সেখানে ভাষণে তিনি বলেন, আমার সাংসদ পদের ১৫ বছর পূর্ণ হতে চলল। এরপর কী হবে আমি জানি না। দল কাকে মনোনয় দেবে তাও তিনি জানেন না। হতাশ সৌগত বলেন, যদি আমার ফের মনোনয়ন দেয়, তাহলেও আমি জিততে পারব কি না সবই অনিশ্চিত।
দমদমের মানুষের কাছে সৌগত রায় অতি পরিচিত মুখ। শিক্ষিত মানুষ বলে কেন্দ্রের সকলেই তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করেন। নিজে থেকে কখনও বিতর্কে জড়াননি। যখন যেখান থেকে তাঁকে ডাকা হয়েছে, তখনই একবারের জন্যও না করে ফিরিয়ে দেননি। ঠিক সময় বের করে হাজির হয়েছেন। তা সত্ত্বেও তৃণমূলের অন্দরে আশঙ্কার মেঘ ঘনিয়ে উঠছে। কারণ সেই আদি ও নবীনের দ্বন্দ্ব।
দমদম এলাকায় এমনিতেই বিজেপির একটি শক্তি আছে। আগে এই কেন্দ্র থেকে বিজেপির ঘর ভরিয়েছেন তপন সিকদার। ফলে সৌগত রায়কে সরিয়ে নতুন কাকে মুখ করা হবে, তা নিয়েও তৃণমূলের অন্দরে যথেষ্ট দুশ্চিন্তা আছে। কারণ সৌগত রায়ের সার্বিক গ্রহণযোগ্যতা। সে কারণে দুঁদে রাজনীতিক সৌগত এসব বলে দলকে বাজিয়ে দেখতে চাইছেন বলেও অনেকের বিশ্বাস।