
চোর স্লোগান শুনতে হল মিঠুন চক্রবর্তীকে
শেষ আপডেট: 1 June 2024 11:42
দ্য ওয়াল ব্যুরো: শনিবার লোকসভা ভোট শেষ হচ্ছে। আর এই শেষ দফাতেই ভোট দিয়েছেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বেলগাছিয়ার দত্ত বাগান এলাকায় তিনি প্রায় ৪০ মিনিট লাইনে দাঁড়িয়ে ভোট দেন। তবে ভোট দিতে এসে তাঁকে শুনতে হয়েছে 'চোর' স্লোগান।
বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই লাগাতার তৃণমূল কংগ্রেসের নিশানায় পড়েছেন মিঠুন। ভোটের দিনও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। এদিন ভোট দেওয়ার পর মিঠুন চক্রবর্তী যখন বাইরে বের হন তখন তাঁকে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা ‘চোর চোর’ স্লোগান দেন। তৃণমূল কর্মীদের বক্তব্য, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব দলের থেকেই সুবিধা নিয়েছেন মিঠুন। আর এখন বিজেপিতে যোগ দিয়েছেন আরও সুবিধা পাবেন বলে।
এর পাশাপাশি মিঠুনের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও তোলা হয়েছে। শাসক শিবিরের বক্তব্য, সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে আসলে তিনি তাঁদের বিজেপিতে ভোট দিতে প্রভাবিত করার চেষ্টা করেছেন। যদিও মিঠুনের পাল্টা বক্তব্য, তিনি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চান না। তবে এভাবে স্লোগান দিয়ে আদতে কোনও লাভ হবে না।
তাৎপর্যপূর্ণভাবে মিঠুন এও জানিয়েছেন, দলের নির্দেশ মেনে ৩০ মে পর্যন্ত কাজ করেছেন। এ বার তিনি ফিরে যাবেন ছবির জগতে। রাজনীতি নিয়ে আর কথা বলবেন না! তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষের সুরে বলেন, ''ভোটের হাওয়া বুঝে গেছেন তিনি, তাই সরে যাচ্ছেন।'' অভিষেকের কথায়, বিজেপির বিদায় হচ্ছেই, এটা কেউ আটকাতে পারবে না। অভিষেক বলছেন, ''আমি মানুষের মধ্যে ক্ষোভ দেখেছি, আর তৃণমূলের পক্ষে তারা ভোট দেবেন। দায়িত্ব নিয়ে বলছি বিজেপির বিদায় আসন্ন।''
শনিবার সকাল ১০টা নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরই সংবাদমাধ্যমে দাবি করেন, ২০১৯ সালের থেকে আরও ভাল ফল করবে তৃণমূল। যে ছটি দফায় ভোট হয়েছে তাতে ইতিমধ্যেই সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন তারা, শনিবারের ভোটে বিজেপির বিদায় পুরোপুরি নিশ্চিত হয়ে যাবে।