
Sayantika Banerjee
শেষ আপডেট: 10 March 2024 19:51
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভা ভোটে বাঁকুড়া আসন থেকে লড়ে হেরেছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটে হারলেও অভিনেত্রীকে ফুল টাইম নেত্রী করে দেয় তৃণমূল। তাঁকে দলের রাজ্য সম্পাদক করা হয়। তা ছাড়া রাজ্য সংগঠনের তরফে একপ্রকার বাঁকুড়ার পর্যবেক্ষক করে রাখা হয়েছিল সায়ন্তিকাকে।
তৃণমূল সূত্রে খবর, বাঁকুড়া লোকসভা থেকে টিকিট প্রত্যাশী ছিলেন সায়ন্তিকা। সেই জন্য কম দৌত্য করেননি। বিধানসভা ভোটে তাঁর মতোই আসানসোল দক্ষিণে প্রার্থী করা হয়েছিল সায়নী ঘোষকে। সায়ন্তিকা ভেবেছিলেন এক যাত্রায় আলাদা ফল হবে না।
কিন্তু শেষমেশ প্রার্থী করা হয়নি তাঁকে। এদিন ব্রিগেডের মঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণা করতেই দেখা যায়, হতাশায় ভরে ওঠে সায়ন্তিকার মুখ। কানে ফোন দিয়ে হন হন করে স্টেজ থেকে নেমে যান সায়ন্তিকা।
সায়ন্তিকাকে যে বাঁকুড়া লোকসভা থেকে প্রার্থী করা হবে না তা দ্য ওয়ালে আগেই লেখা হয়েছিল। ওই আসনে তৃণমূল প্রার্থী করতে চেয়েছিল স্থানীয় চক্ষুরোগ বিশেষজ্ঞ ডঃ অনুপ মণ্ডলকে। অনুপের সঙ্গে কথা বলার দায়িত্ব বর্তেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর। কিন্তু অনুপ প্রার্থী হতে রাজি হননি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় গিয়েছিলেন। ঠিক ছিল অনুপ মণ্ডল সার্কিট হাউজে গিয়ে মমতার সঙ্গে দেখা করবেন। কিন্তু তিনি প্রার্থী হতে আগ্রহ না দেখানোয় মমতা তাঁর সঙ্গে আর দেখাই করেননি।
এর পরই বাঁকুড়া আসনের জন্য বেছে নেওয়া হয় জেলা সভাপতি অরূপ চক্রবর্তীকে। তাও দ্য ওয়ালে লেখা হয়েছিল। হলও তাই। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের মঞ্চেই বার্তা দিয়েছেন, যাঁদের প্রার্থী করা গেল না, বিধানসভা ভোটের সময়ে তাঁদের কথা মনে রাখবেন তিনি।