
লালুপ্রসাদ যাদব এবং নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 16 April 2024 12:37
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের জেলা সদর যথাক্রমে রায়গঞ্জ ও বালুরঘাটে সভা করবেন। বাংলায় আসার আগে প্রধানমন্ত্রী বিহারের গয়ায় গিয়েছেন। সকালে সেখানে ভাষণ দিচ্ছেন তিনি। বলাইবাহুল্য বিহারের মাটিতে তাঁর পয়লা নম্বর টার্গেট লালুপ্রসাদ যাদব ও তাঁর পার্টি রাষ্ট্রীয় জনতা দল। বাংলা, বিহার মিলিয়ে প্রধানমন্ত্রী মঙ্গলবার চারটি সভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রী গয়ার সভায় বলেন, বিহারে আরজেডি আর দুর্নীতি সমার্থক। নীতীশ কুমারের কথা ধার করে মোদী বলেন, লালুপ্রসাদ ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীর পনেরো বছরের শাসনে বিহারে জঙ্গলরাজ কায়েম হয়েছিল। প্রাক্তন দুই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করতে বিহারের রাজনীতিতে জঙ্গলরাজ শব্দটি নীতীশ কুমারের কপিরাইট হয়ে গিয়েছে বলা চলে।
ওই রাজ্যে এবার ৪০টি আসনের লড়াইয়ে বিজেপি ও জনতা দল ইউনাইটেডের প্রধান প্রতিপক্ষ এবারও লালুপ্রসাদের দলই। তামিলনাড়ুর মতো বিহারেও ইন্ডিয়া জোটের মধ্যে আসন বোঝাপড়া ভাল হয়েছে। অন্যদিকে, আসন রফার আলোচনার মাঝে এনডিএ ছেড়েছেন প্রয়াত রামবিলাস পাসোয়ানের ভাই পশুপতিনাথ পারশ।
লালুপ্রসাদের যাদব ও মুসলিম ভোট ব্যাঙ্কের সঙ্গে এবার দলিত এবং ওবিসি অঙ্ক মাথায় রেখে প্রার্থী বাছাই করেছে ইন্ডিয়া জোট। জোটের মধ্যমণি আরজেডি সুপ্রিমো। দুর্নীতির মামলায় জেল ফেরৎ লালুপ্রসাদ ও তাঁর পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগে ইডি, সিবিআই তদন্ত চালাচ্ছে। তারপরও লালুর ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতে পারেনি বিজেপি-জেডিইউ। স্বভাবতই যাদব নেতাকেই মোদী তাঁর ভাষণে দীর্ঘ সময় ধরে আক্রমণ শানান। তোলেন পরিবারবাদের কথাও।
বিহারের আরজেডির জোটে আছে কংগ্রেসও। জয় নিয়ে হাত শিবির যে সব রাজ্যের উপর বেশি ভরসা করছে বিহার তার অন্যতম। প্রধানমন্ত্রী তাই হাত শিবিরকেও নিশানা করেন। বলেন, কংগ্রেস লম্বা সময় দেশ শাসনের সুযোগ পেয়েছিল। এক সমৃদ্ধ ভারত গড়ে তুলতে পারত তারা। কিন্তু তা সম্ভব হয়নি কংগ্রেসের অপদার্থতার জন্য। সামাজিক ন্যায়ের নামে কংগ্রেস জাতপাতের রাজনীতি করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।