
বারাণসীতে রোড শো করবেন প্রিয়ঙ্কা
শেষ আপডেট: 25 May 2024 08:44
দ্য ওয়াল ব্যুরো: এক সপ্তাহের ব্যবধানে বারাণসীতে ফের মেগা ইভেন্ট। শনিবার ধর্মনগরীতে রোড-শো করবেন কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির নেত্রী ডিম্বল যাদব। তিনি দলে প্রধান অখিলেশ যাদবের স্ত্রী।
গত শনিবার বারাণসীতে রোড শো করেন বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের মাথায় ফের বারাণসী গিয়ে মহিলা ভোটারদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। ২৫ হাজার মহিলার জমায়েতে ভাষণ দেন তিনি।
শনিবার দুই দলের দুই নেত্রী যৌথভাবে রোড-শো করে বারাণসীর প্রচারে দাগ কাটটে চাইছেন। উত্তর প্রদেশে কংগ্রেস ও সমাজবাদী পার্টির এবারের মতো বোঝাপড়া অতীতে হয়নি। একাধিক কর্মসূচিতে যৌথভাবে অংশ নিয়েছেন রাহুল গান্ধী এবং অখিলেশ যাদব। এবার নামছেন প্রিয়ঙ্কা ও ডিম্পল। অখিলেশ পত্নীর নিজের ভোট হয়ে গিয়েছে। এখন তাঁকে অন্যত্র প্রচারে পাঠাচ্ছেন অখিলেশ। অন্যদিকে, রায়বেরলি এবং অমেঠিতে ভোট হয়ে যাওয়ার প্রিয়ঙ্কাও বাকি জায়গায় সময় দিতে শুরু করেছেন।
বারাণসীতে এবারও কংগ্রেসের প্রার্থী অজয় রাই। তিনি বর্তমানে প্রদেশ কংগ্রেসের সভাপতি। কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট হওয়ায় দুই দলই মনে করছে, মোদীর মার্জিন এবার অনেকটাই কমিয়ে দেওয়া সম্ভব হবে। প্রধানমন্ত্রী গতবার চার লাখ ৪৭ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন। সেবার দ্বিতীয় স্থানে ছিলেন সমাজবাদী পার্টির সৈলিনী যাদব। তাঁদের ১৮ শতাংশ। ১৪ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল কংগ্রেস। অন্যদিকে, প্রধানমন্ত্রী পেয়েছিলেন ৬১ শতাংশ ভোট।
ওয়াকিবহাল মহলের মতে, শুধু কংগ্রেস-এসপি জোট হওয়াই নয়, আরও একাধিক কারণে বারাণসীতে মোদীর জয়ের মার্জিন এবার অনেকটা কমতে পারে। আগের দুটি ভোটের মতো এবার মোদী হাওয়া নেই তাঁর সংসদীয় এলাকাতেও। বিরোধীদের বক্তব্য, রোড-শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শহর অচল করে মনোনয়নপত্র জমা দিলেও ভিড়ের মধ্যে ছিলেন বহু বহিরাগত। তাছাড়া দু’বারের সাংসদকে এবার অনেক বেশি ঘাম ঝড়াতে হচ্ছে নিজের কেন্দ্রে।
প্রিয়ঙ্কা ও ডিম্পলকে দিয়ে রোড শো করিয়ে ঐক্যবার্তা দেওয়ার পাশাপাশি মহিলা ভোটারদের মন ছোঁয়ার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। বারাণসীতে মোদীর মহিলা ভোট ব্যাঙ্কে থাবা বসাতে পারলেই মার্জিন কমানো সম্ভব, মনে করছে দুই বিরোধী দল।