
প্রশান্ত কিশোর
শেষ আপডেট: 27 May 2024 14:45
দ্য ওয়াল ব্যুরো: চার দিন আগে প্রশান্ত কিশোর সাংবাদিক বরখা দত্তকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তাতে পিকে দাবি করেছেন, যে যাই বলুন। বিজেপি ৩০০-র বেশি আসন পাবে। এবং এই ভোটেও ধারণা তৈরির খেলায় বিরোধীদের অনেক পিছনে ফেলে দিয়েছেন নরেন্দ্র মোদী।
প্রশান্ত কিশোরের এই কথা নিয়ে ট্রোল শুরু হয়েছিল সোশাল মিডিয়ায়। তা ছাড়া অনেকেই বলতে শুরু করেন, প্রশান্ত কিশোর আসলে বিজেপির মুখপাত্রের মতো কথা বলছেন। তিনি যা বলছেন, তাতে নিরপেক্ষতা নেই। আসলে বিজেপির পক্ষে হাওয়া তৈরি করতে প্রশান্ত ভোটের স্লগ ওভারে এ সব কথা বলছেন।
এরই মধ্যে প্রশান্ত কিশোর সাংবাদিক করণ থাপারকে আরও একটি সাক্ষাৎকার দিয়েছেন। তাতে করণ তাঁকে প্রশ্ন করেছেন, এই যে আপনি এত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছেন, আপনার পুর্বানুমানও তো ভুল হয়। আপনি বলেছিলেন, হিমাচল প্রদেশের ভোটে কংগ্রেসের সমূলে উৎখাত হবে। কিন্তু তা হয়নি। আপনি বলেছিলেন, তেলঙ্গনায় বিআরএস জিতবে। তা হয়নি। দুই রাজ্যেই কংগ্রেস জিতেছে।
এই সময়ে প্রশান্ত কিশোর বলতে থাকেন, আমি এমন কথা বলেছিলাম তার ভিডিও দেখান। কিন্তু করণ বলেন, তুমি তো টুইট করেছিলে। তোমাকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তাতে প্রশান্ত বলেন, খবরের কাগজ ইত্যাদি যা ইচ্ছে লিখতে পারে। তিনি দেখতে যান না কে কী লিখছে?
This is how interviews should actually be done, unlike those cringey scripted ones by the godi media.
— Advaid അദ്വൈത് (@Advaidism) May 23, 2024
Karan Thapar ????????pic.twitter.com/PXdOH6E1fZ
এই ভিডিও ভাইরাল হয়েছে। শুধু তা নয়, বুধবার থেকে সোশাল মিডিয়ায় একটা ভুয়ো অ্যাপয়ন্টমেন্ট লেটারের ছবি ছড়িয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রশান্ত কিশোরকে বিজেপির প্রধান মুখপাত্র হিসাবে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ প্রশান্ত কিশোরকে নিয়ে রীতিমতো মস্করা শুরু হয়েছে। এবং বলা হচ্ছে, তিনি আসলে বিজেপির হয়েই ব্যাট হাতে মাঠে নেমেছেন।
পর্যবেক্ষকদের অনেকেও এমনটাই মনে করছেন। কিছুদিন আগে সেফোলজিস্ট যোগেন্দ্র যাদব দাবি করেছিলেন, বিজেপির আসন সংখ্যা ১০০ কমে যেতে পারে। তারা একা তো বটেই এনডিএ জোট সংখ্যাগরিষ্ঠতা পাবে না। বিজেপি পেতে পারে বড়জোর ২৩৩টি আসন।
যোগেন্দ্রর ওই দাবিও প্রশ্নের উর্ধ্বে ছিল না। কারণ, কংগ্রেস এবং বিরোধী দলগুলির সঙ্গে তাঁর সখ্য রয়েছে। কেউ কেউ মনে করছেন, যোগেন্দ্রর পাল্টা ন্যারেটিভ তৈরি করতেই মাঠে নামানো হয়েছে প্রশান্তকে। ফলে খেলা এখন জমে উঠেছে।