
প্রশান্ত কিশোর
শেষ আপডেট: 1 June 2024 23:30
দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ লোকসভা নির্বাচন শেষ হয়েছে। সাত দফার ভোটের পর বিভিন্ন এক্সিট পোলও প্রকাশ পেয়েছে। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষা দাবি করছে বিজেপির পাল্লা ভারী। ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমের এক্সিট পোল নিয়ে আলোচনাও শুরু হয়েছে। ঠিক এমন একটা সময়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন প্রশান্ত কিশোর। আমজনতাকে বার্তা দিলেন, নিজেদের সময় নষ্ট না করতে।
শেষ দফার ভোট চলাকালীন নিজস্ব ‘এক্সিট পোল’ ঘোষণা করে দিয়েছিলেন প্রশান্ত কিশোর। দাবি করেছিলেন, গত লোকসভা ভোটের মতো এবারেও ৩০০ পার করবে বিজেপি, কিছু বেশি সংখ্যক আসনও পেতে পারে গেরুয়া শিবির। তবে ভোটপর্ব শেষ হওয়ার পর যখন সব সংবাদমাধ্যমে এক্সিট পোল প্রকাশ করেছে ঠিক তার পরেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন রাজনীতির 'পিকে'।
এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ''পরবর্তী সময়ে যখন নির্বাচন আর রাজনীতির আলোচনা হবে, তখন এসব ভুয়ো সাংবাদিক, অপদার্থ রাজনীতিবিদ আর স্বঘোষিত সোশ্যাল মিডিয়া এক্সপার্টদের কথা শুনে নিজের সময় নষ্ট করবেন না!'' কোনও সাংবাদিক বা সংবাদমাধ্যমের নাম নেনই প্রশান্ত কিশোর। তবে অনুমান, যাবতীয় এক্সিট পোলের তথ্য দেখে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি তিনি।
अगली बार चुनाव और राजनीति की बात हो तो अपना क़ीमती वक़्त ख़ाली बैठे फ़र्ज़ी पत्रकार, बड़बोले नेताओं और Social Media के स्वयंभू विशेषज्ञों की फ़िज़ूल की बातों और विश्लेषण पर बर्बाद मत करिए।????????????????
— Prashant Kishor (@PrashantKishor) June 1, 2024
ভোট শুরু অনেক আগে থেকেই প্রশান্ত কিশোর দাবি করে এসেছেন যে, বাংলায় ১ নম্বর স্থানে থাকতে পারে বিজেপি। দেশের মধ্যেও ভাল ফল করবে তারা, মূলত দক্ষিণ ভারতে। এদিকে শনিবার ভোটের পর এক্সিট পোলের সমীক্ষা প্রকাশ পেতেই এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেন নরেন্দ্র মোদী। তার একটিতে বিরোধী জোট 'ইন্ডিয়া'কে খোঁচা দিয়ে তিনি বলেন, ''ভোটারদের সঙ্গে কোনও যোগাযোগই গড়ে তুলতে পারেনি ইন্ডিয়া জোট। দেশের ভবিষ্যতের রূপরেখা কী হবে, তাও ঠিক করে উঠতে পারেনি। আসলে ওদের একটাই কাজ মোদীকে গালাগালি দেওয়া। এই ধরনের রাজনীতিকে দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।''
সাধারণ মানুষ কাকে ভোট দিয়েছেন সে ব্যাপারেও কার্যত নিশ্চিত নরেন্দ্র মোদী। বলছেন, ''হলফ করে বলতে পারি দেশ আবার একবার এনডিএ সরকারের জন্য ভোট দিয়েছে। এবার রেকর্ড সংখ্যায়। ''