
বিজেপি নেতার বাড়ি লুঠপাট, পোষ্যকেও রেয়াত নয়
শেষ আপডেট: 5 June 2024 17:04
দ্য় ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হল হলদিয়া। এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বিজেপি নেতার বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। বাড়ির সদস্যদের মারধর করে লুঠপাট চলে। অভিযোগ, রেয়াত করা হয়নি বাড়ির পোষ্যটিকেও। চিৎকার করায় মারধর করে তার পা ভেঙে দেওয়া হয়। হামলাকারীরা তৃণমূলের কর্মী বলে অভিযোগ। তবে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বেই হামলা হয়েছে।
হলদিয়ার দু'নম্বর ওয়ার্ডের বাসিন্দা ১২৪ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি সত্যেশ্বর মিস্ত্রি। তাঁর বাড়িতে মঙ্গলবার গভীর রাতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সত্যেশ্বরবাবুর পরিবারের সদস্যরা জানান, লাঠি, ধারালো অস্ত্র ও বোমা নিয়ে এদিন বিজেপি নেতার বাড়িতে হামলা চালায় প্রায় আট-দশজন দুষ্কৃতী। বাড়ির পোষ্য কুকুর বাঁধা ছিল দালানে। চিৎকার করতে থাকায় প্রথমে তাকে মেরে পা কোমর ভেঙে দেয়। আতঙ্কে বাড়ির বন্ধ দরজা না খোলায় ছাদ লক্ষ করে পরের পর বোমা মারে।
তাঁরা জানান, বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখা তাঁদের চারচাকা গাড়ি ও টোটো ভেঙে দেয় তারা। এরপর দরজা ভেঙে ঘরে ঢোকে। বিজেপি নেতা সত্যেশ্বরবাবুকে খুঁজে না পেয়ে আলমারি ভেঙে সোনা ও নগদ টাকা লুঠপাট করে। মহিলারা বাধা দিতে গেলে মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতীরা চম্পট দেয়।
তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। তবে তৃণমূলের পাল্টা দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে এমন ঘটনা। হলদিয়ার তৃণমূল নেতা শিবনাথ সরকার বলেন, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছেন বিজেপি নেতার পরিবার। ভোটে জেতার পর এখানে আবির খেলা পর্যন্ত হয়নি। কর্মীরা সবাই খুব শান্তভাবে কাটিয়েছেন। কারও বাড়ি ভাঙচুরের কোনও প্রশ্নই নেই। হেরে যাওয়ার পরে ওদের দলের গোষ্ঠীকোন্দল প্রবল হয়েছে। তারই জেরে হামলা।