
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শেষ আপডেট: 11 May 2024 21:55
দ্য ওয়াল ব্যুরো: ঝড়ঝঞ্ঝার মাঝেই শনিবার সন্ধেয় রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারের মেগা কর্মসূচি নিয়ে কলকাতায় পৌঁছলেন তিনি। রাত ৮টা নাগাদ রাজভবনে পৌঁছন প্রধানমন্ত্রী। জানা গেছে, আজ সেখানেই থাকবেন তিনি। আগামিকাল রবিবার সকাল থেকে টানা চার জায়গায় জনসভা করবেন প্রধানমন্ত্রী।
সূত্রের খবর, রবিবার সকালে ব্যারাকপুর থেকে শুরু হবে প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা। সকাল ১১টা নাগাদ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জগদ্দলে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা করবেন। তার পর সেখান থেকে তিনি চলে যাবেন হুগলিতে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে দুপুর ১২টা নাগাদ চুঁচুড়ায় নির্বাচনী জনসভা রয়েছে তাঁর। হুগলির সভা সেরে আরামবাগ লোকসভা কেন্দ্রের পৌঁছবেন প্রধানমন্ত্রী। সেখানে পুরশুড়ায় বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগড়ের হয়ে প্রচার করবেন। নির্বাচনী প্রচারে হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে জনসভা দিয়ে শেষ করবেন কর্মসূচি। শেষ সভাটি হবে হাওড়া জেলার সাঁকরাইলে। বিকেল ৪টে নাগাদ এই সভাস্থলে পৌঁছনোর কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রী কলকাতায় থাকাকালীন শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বিকেল থেকেই কলকাতার রাস্তায় সমস্ত পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। একইভাবে রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্তও নিয়ন্ত্রণ হবে পণ্যবাহী যান চলাচল। শুধু পণ্যবাহী গাড়ি নয়, একাধিক রাস্তায় যাত্রীবাহী যান চলাচলও নিয়ন্ত্রণ করা হবে।
রবিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রাজভবনের সাউথ গেট, আর আর অ্যাভিনিউ, জেনসন অ্যান্ড নিকোলাস আইল্যান্ড, রেড রোড, খিদিরপুর রোড, ১১ ফারলং গেট, দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া আজ সন্ধে ছটা থেকে রবিবার রাত ১০টার মধ্যে রাজভবন চত্বরে ভারী গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।