
হৃষিকেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
শেষ আপডেট: 11 April 2024 17:57
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ফের `ঘর মে ঘুস কর মারেঙ্গে` মন্তব্য। শিবের নিজের শহর হৃষিকেশে নির্বাচনী প্রচারে এসে শিবভক্ত মোদী আবার ধর্মকেই রাজনীতির ত্রিশূল করলেন। বৃহস্পতিবার তিনি বলেন, কেন্দ্রে এখন মজবুত মোদী সরকার রয়েছে। সুতরাং, জঙ্গিরা সাবধান। প্রয়োজনে তাদের ঘরে ঢুকেই নিকেশ করব জঙ্গিদের।
মোদী আরও বলেন, যখনই দেশে কোনও দুর্বল সরকার এসেছে, তখনই জঙ্গিরা শক্তি অর্জন করেছে। মজবুত এই সরকারের জমানায় আতঙ্কবাদীদের ঘরে ঢুকে মারা হয়। এদিন উত্তরাখণ্ডের হৃষিকেশে একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে ফের একবার একথা উত্থাপন করেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, ২০১৯ সালে পাকিস্তানের বুকে বিমানহানায় জঙ্গি ঘাঁটি ধ্বংস করা নিয়ে বিরোধীদের তোপের মুখে পড়েছিলেন মোদী। পুলওয়ামা হামলার পর ওই ঘটনাকে রাজনৈতিক চমক বলে বিরোধীরা মন্তব্য করায় তাদের কঠোর নিন্দায় সরব হয়েছিল তাবৎ বিজেপি নেতৃত্ব। কয়েকদিন আগে মোদী আমেদাবাদে বলেছিলেন, ওরা বলেছিল বিমানহানা ছিল রাজনৈতিক ফায়দা তুলতে। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের সময় কোথায় ছিল নির্বাচন! আমাদের সিদ্ধান্ত, হাম ঘর মে ঘুস কে মারেঙ্গে।
কংগ্রেস আমলে সেনাবাহিনীর দুরবস্থা বর্ণনা করে তিনি বলেন, ওদের আমলে তো জওয়ানদের বুলেটপ্রুফ জ্যাকেট পর্যন্ত ছিল না। শত্রুর বন্দুকের সামনে প্রাণ হাতে নিয়ে দাঁড়াতে হতো। বিজেপি ক্ষমতায় আসার পরেই জওয়ানদের নিরাপত্তার কথা ভাবে। প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের জন্মভূমিতে দাঁড়িয়ে মোদী বলেন, আমরাই জওয়ানদের বুলেট প্রুফ জ্যাকেট দিই।
বিজেপির জন্যই আজ দেশে আধুনিক রাইফেল তৈরি হচ্ছে। যুদ্ধবিমান তৈরি হচ্ছে। কংগ্রেসের মতো নয়, বিজেপি সীমান্তে আধুনিক পরিকাঠামো গড়ে তুলেছে। রাস্তা, সুড়ঙ্গপথ নির্মাণ করেছে। প্রসঙ্গত কয়েকদিন আগে একটি টিভি সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জঙ্গিদের তাদের ঘরে ঢুকে মারার কথা বলেছিলেন। সীমান্ত পেরিয়ে জঙ্গিপনা খতম করার কথা জোরের সঙ্গে বলেন তিনি।