
শেষ আপডেট: 1 June 2024 13:49
দ্য ওয়াল ব্যুরো: ভোটের প্রচার শেষ কন্যাকুমারীতে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী মোদী। বিধিভঙ্গের অভিযোগে কমিশনের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধীরা। অভিযোগ, ধ্যানের নামে কৌশলে শেষ দফা ভোটের দিনেও প্রচারে ভেসে থাকতে চাইছেন মোদী।
শনিবার সপ্তম দফা ভোটের দিনে এ ব্যাপারে মুখ খুললেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপের দাবি, "আগামী পাঁচ বছরের শক্তি সঞ্চয়ের জন্য কন্যাকুমারীতে বিবেকানন্দর পাদদেশে ধ্যানে বসেছেন মোদী।" দিলীপের অভিযোগ, মোদী ভারতের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন। এটা বিরোধীদের সহ্য হচ্ছে না, তাই মিথ্যে কুৎসা করছে।
দিলীপের যুক্তি, "একা মোদী বিরোধীদের ঘুম কেড়ে নিয়েছে। তাই মোদীর ধোকলা খাওয়া থেকে ধ্যান, সব কিছু নিয়েই বিরোধীদের এত নালিশ! হারছে বুঝতে পেরে তাই পাবলিক ছেড়ে কমিশনে ছুটছে ওরা।"
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী দাবি করেছিলেন, তিনি ইশ্বরপ্রদত্ত সন্তান। ইশ্বরই তাঁকে পাঠিয়েছেন। মোদীর ওই বক্তব্যের সমালোচনা করতে গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "উনি বরং রাজনীতি ছেড়ে ধ্যান করুন। তাতে দেশের ভাল হবে। আমরা ওর জন্য মন্দির করে দেব। নকুল দানা দেব, চাইলে ধোকলাও দেব!"
বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি বিধানসভার বেড়মজুর অঞ্চলের ১৪৭ ও ১৪৮ নম্বর বুথে রাতভর তল্লাশির নামে পুলিশ তাণ্ডব চালিয়ে ৬ জন বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়েছে বলে অভিযোগ। ওই প্রসঙ্গে দিলীপ বলেন, "মানুষ এবার নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফলে কেল্লাতে ধস নেমে গেছে বুঝতে পেরে তৃণমূল শেষ দফায় মরিয়া হয়ে উঠেছে। ডায়মন্ড হারবারেও কিছু এলাকায় ভোট দিতে দেওয়া হচ্ছে না। তবে এতে বিশেষ সুবিধে করতে পারবে না তৃণমূল। বাংলা-সহ দেশে বিজেপির জয় জয়কারই হবে।"