
জলে ভাসছে ইভিএম
শেষ আপডেট: 1 June 2024 08:13
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল ভোট দিতে যেতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। ক্ষুব্ধ হয়ে ইভিএম-ভিভিপ্যাট পুকুরে ফেলে দিলেন গ্রামবাসীরা! শনিবার শেষ দফার ভোট শুরুর ২০ মিনিট পরই এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুলতলিতে। যদিও ওই এলাকায় ভোটদানে কোনও সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছে নির্বাচন কমিশন।
সপ্তম দফার ভোট শুরুর কিছু পরেই কুলতলি এলাকায় তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ তোলেন গ্রামবাসীদের একাংশ। দাবি করা হয়েছে, ভোট দানে বাধা দিচ্ছে তারা। এরপরই ক্ষুব্ধ হয়ে ইভিএম জলে ছুড়ে ফেলে দেন গ্রামবাসীরা। যদিও কমিশন জানিয়েছে, ওই ইভিএম-ভিভিপ্যাট ভোট কেন্দ্র থেকে লুট হয়নি। বুথের বাইরে সেক্টর অফিসারের গাড়িতে যে রিজার্ভ ইভিএম থাকে তা বের করেই জলে ফেলা হয়েছে। তাই ভোটগ্রহণ পর্বে কোনও সমস্যা হচ্ছে না।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের গাড়ির সামনে গাছের গুড়ি ফেলে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। কিছুক্ষণ আগে পর্যন্ত খবর ছিল যে এই ঘটনার জন্য ৪০ এবং ৪১ নম্বর বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করা যায়নি। নতুন ইভিএম মেশিন আনা হয়েছে। তবে কমিশন স্পষ্ট করে দিয়েছে যে, অতিরিক্ত ইভিএম ফেলা হয়েছে পুকুরে। তাই ভোটপর্বে কোনও ব্যাঘাত ঘটেনি।
সপ্তম দফা ভোটের শুরু থেকেই রাজ্যের নানা প্রান্তে বিভিন্ন অশান্তির টুকরো ছবি উঠে আসতে শুরু করেছে। সকাল থেকে উত্তপ্ত হয়েছে ভাঙড়, শুক্রবার রাত থেকে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে। শনিবার ভোট শুরুর কিছু পরেই নতুন করে তৃণমূল-আইএসএফ সংঘর্ষ হয়ে ভাঙড়ে। গুলি চলেছে, উদ্ধার হয়েছে বোমাও। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর ওপর ইটবৃষ্টি করেছে আইএসএফ বলে অভিযোগ। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস দাবি করেছে তারা আক্রান্ত।