
শেষ আপডেট: 16 April 2024 12:13
দ্য ওয়াল ব্য়ুরো: তখনও প্রার্থী হিসেবে দল তাঁর নাম ঘোষণা করেনি, তার আগে থেকেই ব্যারাকপুরে বাক্যবাণ শুরু করেছিলেন বিদায়ী বিজেপি সাংসদ অর্জুন সিং। এখনও চলছে। পাল্টা জবাব দিচ্ছেন রাজ্যের মন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও।
২০ মে পঞ্চম দফায় ভোট হবে ব্যারাকপুরে। প্রচারের ময়দানে এক ইঞ্চিও জমি ছাড়া তো দূরস্ত একে অপরকে প্রতি মুহূূর্তে আক্রমণ, কটাক্ষ যেন লেগেই রয়েছে।
বাংলা বছরের শেষ দিনে তৃণমূল কাউন্সিলরকে দলে টেনে ব্যারাকপুুরে তৃণমূলের ভাঙনের দাবি করেছিলেন অর্জুন। পাল্টা হিসেবে নববর্ষের দিন ব্যারাকপুরের সমস্ত তৃণমূল নেতৃত্বকে মঞ্চে এনে সকলে তৃণমুলের পরিবার বলে দাবি করেছিলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তারই পাল্টা হিসেবে এবার পার্থকে 'মুর্খ' বলে কটাক্ষ করে অর্জুনের দাবি, ব্যারাকপুরে পার্থকে লড়তে হচ্ছে দলেরই ৯০ শতাংশের বিরুদ্ধে!
অর্জুনের কথায়, "তৃণমূলে এমন বহু নেতা কর্মী আছেন যারা তৃণমূলের অন্যান্য দুর্নীতিগ্রস্ত নেতাদের মত লুটে পুটে খাচ্ছে না, সেই ৯০ শতাংশ লোক তৃণমূলের মধ্যে থেকেও তাঁরা বিক্ষুব্ধ। আর তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে এখনও তৃণমূলের অন্দরে থাকা সেই তৃণমূল নেতা কর্মীদের সাথেই লড়াই করতে হচ্ছে। তারপর তো তিনি বিজেপি সঙ্গে লড়াই করবেন।"
এ ব্য়াপারে পার্থর অবশ্য কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
উনিশের লোকসভা ভোটে টিকিট না পেয়ে তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছিলেন অর্জুন। ভোটে জেতার পর অবশ্য ফের তৃণমূলে ফেরেন। তবে এবারেও অর্জুনের ভাগ্যে টিকিট জোটেনি। পরিবর্তে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিককে। ফলে আবার ভোটের মুখেই গেরুয়া শিবিরে ফিরেছেন অর্জুন। বিজেপি তাঁকে প্রার্থীও করেছে। তারপর থেকেই ভোটের বাজারে ব্যারাকপুর যেন হটস্পট।