
ফাইল ছবি
শেষ আপডেট: 9 April 2024 13:36
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে বিরোধী জোটের আসন সমঝোতা সম্পূর্ণ হল। মঙ্গলবার বিজেপি বিরোধী মহাবিকাশ আঘাড়ি আসন সমঝোতা ঘোষণা করে। লোকসভা নির্বাচনে বোঝাপড়া অনুযায়ী উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা ২১টি আসনে, কংগ্রেস ১৭ এবং শারদ পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি ১০টি আসনে প্রার্থী দেবে।
দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দড়ি টানাটানির পর অবশেষে ইন্ডিয়া জোটের তিন শরিক একমত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলল বিরোধী শিবির। এদিন যৌথ সাংবাদিক সম্মেলন করে শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরে এবং রাজ্য কংগ্রেস সভাপতি নানা পাটোলে আসন সমঝোতার কথা ঘোষণা করেন। উল্লেখ্য মহারাষ্ট্রে ৪৮টি লোকসভা কেন্দ্রে পাঁচদফায় ভোটগ্রহণ হবে আগামী ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে এবং ২০ মে।
শিবসেনার জেতা আসন সাঙ্গিল কেন্দ্রটি উদ্ধবের হাতেই থাকছে। অন্যদিকে, কংগ্রেস ভিওয়ান্ডি নিজেদের কাছে রেখেছে। আসন সমঝোতা নিয়ে উদ্ধব ঠাকরে এদিন বলেন, প্রত্যেকেই সব আসনে লড়তে প্রস্তুত ছিল। এর মধ্যে ভুল কিছু নেই। আমাদের কাছে জয় হাসিল করাটাই প্রাধান্য পেয়েছে।
ভোট ঘোষণার পর থেকেই মহাবিকাশ আঘাড়ি অর্থাৎ উদ্ধব-সেনা, পাওয়ারপন্থী এনসিপি এবং কংগ্রেসের মধ্যে কয়েকটি আসন নিয়ে মতানৈক্য চলছিল। গত মাসে এই বিতর্কের আগুনে আরও ঘি ঢেলে দেন কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী নাসিম খান। তিনি বলেন, সমঝোতা চূড়ান্ত না হলে ৬ আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে রাজ্যে।
এর মধ্যে আগেভাগে উদ্ধব সেনা ১৭টি আসনে প্রার্থী ঘোষণা করে দেওয়ায় কংগ্রেস শিবির অত্যন্ত ক্ষুণ্ণ হয়। তখন উদ্ধব সেনার অন্যতম নেতা সঞ্জয় রাউত বলেন যে, বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে আখেরে বিজেপিরই লাভ হবে। তারপরে নতুন করে আলোচনা শুরু করে তিন দল।