
শেষ আপডেট: 9 March 2024 11:08
দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে শুভ কাজে দেরি করতে নেই। দলবদলেও সেই পরামর্শ মেনে পদক্ষেপ করছে বিজেপি। শনিবার বেলা গড়ানোর আগেই ভুপালের দলীয় দফতরে কংগ্রেস নেতা সুরেশ পাচৌরির হাতে পদ্ম পতাকা তুলে দিলেন বিজেপি নেতারা। পাচৌরিকে দলে স্বাগত জানাতে সকাল সকাল দলীয় দফতরে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন যাদব, পাঁচবারের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়ের মতো নেতারা।
দীর্ঘদিনের বিধায়ক ও সাংসদ পোচৌরী ইউপিএ সরকারের মন্ত্রী ছিলেন। মধ্যপ্রদেশ কংগ্রেসের ওজনদার নেতা হিসাবে পরিচির পাচৌরিকে দলে নিয়ে বিজেপি হাত শিবিরকে বড় ধাক্কা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।
মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখ কমলনাথের বিজেপি যোগদানের সম্ভাবনা নিয়ে হালে জল্পনা তৈরি হয়েছিল। রাজনৈতিক মহলের খবর, কমলনাথের ব্যাপারে বিজেপি যথেষ্ট আগ্রহী ছিল। কিন্তু তিনি সিদ্ধান্ত ঝুলিয়ে রাখায় পদ্ম শিবির দরজা বন্ধ করে দেয়। পরিবর্তে তাঁর শিবিরে ভাঙন ধরাতে মরিয়া হয়ে উঠেছে পদ্ম শিবির।
তাৎপর্যপূর্ণ হল, মধপ্রদেশে বিজেপি বেছে বেছে কমলনাথের ঘনিষ্ঠদেরই দলে টানছে। মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান মুখ কমলনাথ শেষ পর্যন্ত দল না ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় তাঁর অনুগামীরা অনেকেই হতাশ। গত নভেম্বরে বিধানসভা ভোটে কংগ্রেসের লজ্জাজনক পরাজয়ের পর কমলনাথের দিকে আঙুল তোলে হাইকমান্ড। তখন থেকেই দলত্যাগের ব্যাপারে আলোচনা শুরু করেন প্রবীণ নেতা। তাতে দলের যে নেতাদের পাশে পেয়ে যান, পাচৌরি তাঁদের মধ্যে একজন। যিনি কমলের সঙ্গেই পদ্ম পতাকা হাতে তুলে নেবেন বলে ঠিক ছিল।
বিজেপি অবশ্য কমলনাথকেই অন্যভাবে টার্গেট করেছে। সপ্তাহ দুই আগে মুখ্যমন্ত্রী মোহন যাদব ছিন্দওয়ারায় গেলে সেখানকার সাংসদ কমলনাথ পুত্র নকুল সার্কিট হাউসে গিয়ে দেখা করেন তাঁর সঙ্গে। ছিন্দওয়ারায় একটি মেডিক্যাল কলেজ স্থাপনের আর্জি জানানোর পাশাপাশি নিজের সংসদীয় এলাকার নানা উন্নয়ন প্রকল্প নিয়ে কথা হয় তাঁদের মধ্যে। ঘটনা হল, ওই সফরেই মোহন যাদবের জনসভায় ছিন্দওয়ারার প্রায় ৫০ হাজার কংগ্রেস সমর্থক বিজেপিতে যোগ দেন।