
শেষ আপডেট: 9 April 2024 13:14
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাক যুদ্ধে জড়িয়ে পড়ছে বিজেপি ও তৃণমূল। বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ আনলেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। বললেন, "যাঁরা ভাবছেন অর্থ দিয়ে ভোট কিনে নেবেন, তাঁরা মূর্খের স্বর্গে বাস করছেন। মানুষ নিজের শিরদাঁড়া কোনও অর্থের কাছে বিক্রি করে না।"
সোমবার রাতে টিটাগড়ে তৃণমূলের একটি দলীয় সভা ছিল। সেখানে অংশ নেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পার্থবাবু। সেখানে তিনি প্রতিপক্ষ অর্জুন সিংকে কটাক্ষ করে বলেন, "ব্যারাকপুরের পাঁচ বছরে কিছুই হয়নি। শুধু গুন্ডাগিরি হয়েছে। আমরা সেই গুন্ডারাজ খতম করব।" এরপরেই পার্থ ভৌমিক বলেন, "ব্যক্তিগত কুৎসা ও সংবাদমাধ্যমের দৌলতে টিকে থাকা বাদ দিলে, মানুষের কাছে ওঁর গ্রহণযোগ্যতা নেই।"
গত রবিবার ব্যারাকুপুর পুরসভার ধনিয়াপাড়ার ৬ নম্বর ওয়ার্ডের এক সত্তরোর্ধ্ব বাসিন্দাকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, কিরণ দে নামে ওই বৃদ্ধ বিজেপির পতাকা হাতে দাঁড়িয়েছিলেন। তাকে দেখে এগিয়ে এসেছিলেন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কেকা মুখোপাধ্যায়ের স্বামী সুব্রত মুখোপাধ্যায়। রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পেয়েও কেন সেই বৃদ্ধ বিজেপির ঝান্ডা হাতে দাঁড়িয়ে রয়েছেন এই বিষয়ে প্রশ্ন করেন। দুজনের মধ্যে বচসা হয়। অভিযোগ, তখনই ওই বৃদ্ধকে মারধর করেন তৃণমূল কাউন্সিলরের স্বামী।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, যেটা হচ্ছে ভাল হচ্ছে না। এভাবে মানুষকে মেরে ভয় দেখিয়ে কিছু করা যাবে না। এই ঘটনায় পার্থ ভৌমিকের উপর দায় চাপিয়ে অর্জুন বলেন, "জগদ্দল বিধানসভায়ও একই রকমের ঘটনা ঘটেছে। পার্থ ভৌমিককে বলব এই খেলা বন্ধ করুন। সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে। পরে কোনও কান্নাকাটি করবেন না। কোনও বিজেপি কর্মী বা ভোটারের গায়ে হাত পড়লে আমরা ছেড়ে দেব না।"