
শেষ আপডেট: 7 June 2024 11:40
দ্য ওয়াল ব্যুরো: পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে শুক্রবার নরেন্দ্র মোদীর নামে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেবে এনডিএ-র শরিক দলগুলি। তার আগে বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে দল তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে মোদীর নামে সায় দিয়ে প্রস্তাব গ্রহণ করবে। গত মঙ্গলবার লোকসভার ফল ঘোষণার দিনে এনডিএ জোটের সরকার গঠনের প্রস্তার নেওয়া হয়েছিল।
এদিকে,কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার বেঙ্গালুরু যাচ্ছেন মানহানির মামলায় আদালতে হাজিরা দিতে। একাধিকবার আর্জি জানানো সত্ত্বেও বিচারক সশরীরে হাজিরা থেকে রেহাই দেননি। মানহানির মামলাটি করেছেন কর্নাটক বিজেপির এক সাধারণ সম্পাদক। গত বছর এপ্রিল-মে মাসে কর্নাটকে বিধানসভা ভোটের সময় কংগ্রেসের একটি বিজ্ঞাপন নিয়ে মামলা করে বিজেপি। তাতে বিজেপিকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ দল বলা হয়।
তবে দিল্লিতে শুক্রবার গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচির অন্যতম হল এনডিএ বৈঠক। তাতে জোটের দুই নেতা নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর উপস্থিত থাকার কথা। শনি বা রবিবার মোদীর শপথ অনুষ্ঠান পর্যন্ত তাঁরা দিল্লিতে থাকবেন বলে ঠিক আছে। নীতীশের দল জনতা দল ইউনাইটেড সূত্রের খবর, শুক্রবারের বৈঠকেই নীতীশ বিগত সরকারের কয়েকটি কর্মসূচি নিয়ে তাঁর দলের আপত্তির কথা জানিয়ে দেবেন। সেগুলি বাস্তবায়নে জেডিইউ সায় দেবে না, মোদীর প্রতি সমর্থন জানানোর প্রথম বৈঠকেই তা জানিয়ে রাখতে চান বিহারের মুখ্যমন্ত্রী। কোনও কারণে তিনি বৈঠকে থাকতে না পারলে দলের প্রবীণ নেতা কেসি ত্যাগী যোগ দেবেন।
জেডিইউ বৃহস্পতিবারই জানিয়ে দেয় তারা অগ্নিবীর প্রকল্পে পরিবর্তন চায়। সেনায় চুক্তিতে নিয়োগে তাদের সায় নেই। এছাড়া, অভিন্ন দেওয়ানি বিধি তারা মানবে না্। মানবে না এনআরসি এবং সারা দেশে জাতি সমীক্ষা করাতে হবে।
অন্যদিকে নীতীশ এব চন্দ্রবাবু নাইডু দু'জনেই নিজেদের রাজ্যের জন্য আর্থিক প্যাকেজ দাবি করেছেন। শুক্রবার আনুষ্ঠানিক বৈঠকের পর প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ শরিক নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করবেন বলে ঠিক আছে। সেখানেও শরিক নেতারা মোদীকে তাঁদের সীমাবদ্ধতার কথা জানিয়ে দেবেন।