
শেষ আপডেট: 17 April 2024 12:56
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: শুক্রবার বাংলায় প্রথম দফার লোকসভা ভোট। প্রথম দফার তিন আসনের মধ্যে অন্যতম হল কোচবিহার। তার আগে কোচবিহারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতি মন্ত্রী নিশীথ প্রামাণিক নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন, ভোটের দিন উদয়ন গুহকে ঘর বন্দি রাখা হোক।
কিন্তু হঠাৎ কেন এই আবেদন?
নির্বাচন কমিশনের কাছে বিজেপি যে এহেন আবেদন জানাতে পারে সে ব্যাপারে একটা আন্দাজ জোড়াফুল শিবিরেও ছিল। সেই কারণে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা কোচবিহারের দিনহাটার বিধায়ক উদয়ন গুহ সতর্কও বটে। কারণ, তাঁদের আশঙ্কা হল, ভোটের দিন ছুতোয়নাতায় তাঁকে ঘর বন্দি করে দেওয়া হতে পারে।
এর আগে একবার অনুব্রত মণ্ডলকে এভাবেই ভোটের দিন বাড়ি থেকে বেরোতে দেয়নি কমিশন। অনুব্রত সেদিন শুধু ভোট দিতে বুথে গেছিলেন। বাকি সময়ে বেরোতে পারেননি।
নিশীথের অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে বারবার কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। পায়ের নীচের মাটি আলগা হয়ে গেছে। তাই ভোটের দিনও একইরকম ভাবে সন্ত্রাস হতে পারে। তিনি বলেন, "সন্ত্রাসের আশঙ্কাতেই ভোটের দিন উদয়ন গুহ যাতে তাঁর বুথের বাইরে বের হতে না পারেন তা দেখার জন্য নির্বাচন কমিশনে আর্জি জানানো হয়েছে। ভোটের উস্কানি দিয়ে অশান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। এর জেরে বিজেপির কর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।"
আবার উদয়ন গুহর দাবি, মানুষের সঙ্গে নিশীথের কোনও সম্পর্ক নেই। তাই নির্বাচন কমিশনকে কাজে লাগাতে চাইছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর কথায়, বোঝা যাচ্ছে, ভয় পেয়ে গেছেন নিশীথ প্রামাণিক। এবার নির্বাচন কমিশনে আর্জি জানিয়েছেন যাতে ভোটের দিন আমি বাইরে না বের হতে পারি। এতে লাভ হবে না। মানুষের অধিকার মানুষই বুঝে নেবেন।"
পর্যবেক্ষকদের অনেকের মতে, নিশীথের এই পদক্ষেপ কৌশলগত। কোচবিহারের ৭০ শতাংশ বুথে বিজেপির সংগঠন নেই। বুথে লোক দিতে পারবে কিনা সন্দেহ। তুলনায় তৃণমূলের বুথ স্তরের সংগঠন অনেক মজবুত। হয়তো নিশীথদের আশঙ্কা রয়েছে যে, উদয়নরা সেই সংগঠনকে কাজে লাগিয়ে যেভাবে ভোট করানোর চেষ্টা করবেন, তা বিজেপির পক্ষে করা মুশকিল। হতে পারে সেই কারণেই উদয়নকে ঘর বন্দি করার কথা বলছেন।
নিশীথ প্রামাণিকের সঙ্গে উদয়ন গুহর সংঘাত নতুন নয়। গত ৩১ মার্চ উদয়ন গুহর গাড়িতে হামলা হয়েছিল। নিশীথ অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিল থেকে ওইদিন হামলা হয়েছিল বলে দাবি করেন উদয়ন। যদিও নিশীথের পাল্টা অভিযোগ করেন তৃণমূলের পক্ষ থেকে আগে হামলা করা হয়। গোটা ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় কোচবিহারে। তারআগে গত ১৯ মার্চ রাতেও উত্তপ্ত হয়ে উঠেছিল কোচবিহারের দিনহাটা। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের অনুগামীদের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর অনুগামীদের সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে এসডিপিও-র।