
মনোনয়ন জমা দিলেন সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 10 May 2024 18:42
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: মানুষের আন্দোলনকে হাইজ্যাক করার চেষ্টা চলছিল, কিন্তু করা হল না। মনোয়ন জমা দিয়ে সন্দেশখালিতে তৃণমূল ও বিজেপির রাজনীতি সম্পর্কে এমনই মন্তব্য করলেন সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার।
আগামী ১ জুন ভোট। এখনও প্রায় দিন কুড়ি সময় রয়েছে হাতে। শুক্রবার জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন নিরাপদবাবু। সিপিএম প্রার্থীর দাবি, ২০১১ সাল থেকে সন্দেশখালিতে আন্দোলন চলছে। এটা ছিল বঞ্চনার বিরুদ্ধে মানুষের আন্দোলন। গণতান্ত্রিক ভাবেই চলছিল। কিন্তু পরে এই আন্দোলনকে কুক্ষিগত করার চেষ্টা করে বিজেপি। এখন তৃণমূল-বিজেপি নাটক করছে।
সিপিএম প্রার্থী বলেন, "২০১১ সালে নিরাপদ সর্দার বিধানসভায় যে ইস্যুগুলো নিয়ে সরব হয়েছিল মানুষ তা মিলিয়ে দেখেছে। তখন তারা আন্দোলনে নামে। মানুষের সেই আন্দোলনকেই শুভেন্দু অধিকারীরা হাইজ্যাক করার চেষ্টা করেছিলেন । কিন্তু পারলেন না। তাই এখন নাটক করছেন।"
তৃণমূলের বিরুদ্ধে বলতে গিয়ে নিরাপদবাবু বলেন, "বিজেপি-তৃণমূল দু পক্ষই তো কেনা বেচাতে ওস্তাদ। যে যখন পারছে, এটাকে ব্যবহার করতে চেয়েছে। এতে সন্দেশখালির মানুষকে অপমান করা হচ্ছে। সন্দেশখালির মানুষের গণতান্ত্রিক চেতনাকে আঘাত করা হচ্ছে। ২০১১ সালের পর থেকে সন্দেশখালির মানুষ ভোট দিতে পারেননি। এবার অনেকবছর বাদে ভোট দেওয়ার সুযোগ পাবে।"