
শেষ আপডেট: 1 May 2024 16:14
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: ভোটের আগে উত্তপ্ত খড়গ্রাম। তৃণমূলের সঙ্গে কংগ্রেস কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় সেখানে। তখনই গন্ডগোলের মধ্যে দু রাউন্ড গুলি চলে। তৃণমূল অঞ্চল সভাপতি আলতামাস কবীরের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে দিয়ারা মল্লিকপুর গ্রামে তৃণমূলের অঞ্চল সভাপতি আলতামাস কবীরের সঙ্গে ওই গ্রামের পঞ্চায়েত সমিতির সদস্যা জিতা খাতুন ও তার অনুগামীদের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ। সেই সময় দু'রাউন্ড গুলির চলার শব্দ শোনা যায়। স্থানীয়দের দাবি, পিস্তল বের করে পর পর গুলি চালিয়েছে আলতামাস কবীর। ওই ঘটনার একটি ভাইরাল ভিডিওতে অঞ্চল সভাপতিকে পিস্তল নিয়ে ছুটতে দেখা গিয়েছে।
গুলি চলার ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনাকে পারিবারিক অশান্তি বলে দাবি করেছে তারা। ঘটনাস্থলে পৌঁছেছে খড়গ্রাম থানার পুলিশ। লোকসভা নির্বাচনের আগে গুলি চালানর ঘটনায় অতঙ্কিত এলাকার বাসিন্দারা। শান্তিতে ভোট হোক এটাই পুলিশের কাছে আবেদন করেছেন তাঁরা।
এদিকে সকালেই নবগ্রাম থানার এলাকায় গ্রামদিঘি গ্রামে রাস্তার ধার থেকে উদ্ধার হয় একটি নাইলনের ব্যাগ। সেখানে প্রায় ৮ থেকে ১০টি তাজা বোমা উদ্ধার হয়। খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ। দুর্ঘটনা এড়াতে বর্তমানে জায়গাটিকে ঘিরে রেখে খবর দেওয়া হয় বোম স্কোয়ার্ড টিমকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।