
শেষ আপডেট: 18 April 2024 16:27
দ্য ওয়াল ব্যুরো: কেন তৃণমূলকে নয়, বিজেপিকে ভোট দেবেন, রায়গঞ্জের হেমতাবাদ দলীয় প্রার্থী কার্তিকচন্দ্র পালের নির্বাচনী সভা থেকে তার ব্যাখ্যা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শিক্ষিত বেকারদের চাকরি চুরি থেকে রেশন দুর্নীতির প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, "উনিশে আপনারা তৃণমূলকে শিক্ষা দিয়েছেন, এবারে আরও বড় শিক্ষা দিতে হবে।"
কেন একথা বলছেন তার ব্যাখ্যা দিয়ে শুভেন্দু বলেন, "দোকান খুলে সরকারি চাকরি বিক্রি করেছে। বেকার যুবকদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে। পার্থ-সহ গোটা শিক্ষা দফতরটাই জেলে! চুরি, দুর্নীতি ছাড়া ওই জেলা উন্নয়নের ছোঁয়া পাইনি।"
এরপরই রায়গঞ্জে এইমসের প্রসঙ্গ টেনে নন্দীগ্রামের বিধায়ক বলেন, " রায়গঞ্জে মোদী এইমসের জায়গা চেয়েছিলেন, মমতা দেয়নি। মোদী এখনও চান উত্তরবঙ্গে এইমসের মতো একটা হাসপাতাল হোক। আপনারা কার্তিককে দিল্লিতে পাঠান। আমি গ্যারান্টার রইলাম। রাজ্যের জায়গা লাগবে না, রেল-বিএসএফ এর জায়গায় আমরা এইমস করব।"
রায়গঞ্জে এবারে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী একুশের বিধানসভা ভোটে বিজেপির হয়ে রায়গঞ্জ থেকে জিতেছিল। পরে তৃণমূলে যোগ দেন। নাম না করে কৃষ্ণর উদ্দেশে শুভেন্দুর হুঁশিয়ারি, "অনেক দুর্নীতির সঙ্গে যুক্ত। ওর ভবিষ্যৎটাও শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো হবে।"
গত মঙ্গলবার রাজ্য সফরে এসে মোদী হুঁশিয়ারির সুরে বলেছিলেন, "সবে তো ট্রেলার দেখছেন। ক্ষমতায় এলে বাকি দুর্নীতিগ্রস্তদেরও জেলে ভরা হবে।" ওই প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, "মোদী বলে গেছেন, এবারে ক্ষমতায় এলে তৃণমূলের বাকি চোরগুলোও জেলে যাবে। সেটা নিশ্চিত করতে বাংলা থেকে আরও বেশি আসনে বিজেপিকে জেতাতে হবে।"
মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়রা প্রতিটি সভা থেকে নিয়ম করে ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছেন। এদিনও বালুরঘাটের সভা থেকে এ ব্যাপারে কেন্দ্রকে শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ ছুড়েছেন মমতা। যদিও হেমতাবাদদের সভা থেকে শুভেন্দুর দাবি, "আবাস যোজনায় বাংলাকে ৪৫ হাজার কোটি টাকা দিয়েছে মোদী সরকার, চোর তৃণমূল ৪০ লক্ষ মানুষের বাড়ির সেই টাকা খেয়েছে।"