
আউশগ্রামের মঞ্চে মিঠুন-নিজস্ব চিত্র
শেষ আপডেট: 1 May 2024 19:44
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: "বিজেপি স্বচ্ছ পার্টি" সেটা বোঝাতেই আউশগ্রামে প্রচার করলেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী। জনসমক্ষে বিজেপির তারকা প্রচারক বলেন, "বালি-কয়লা, গরু, বিদ্যা, রেশন চুরি করে না বিজেপি, স্বচ্ছ পার্টি। বিপক্ষে একটা পার্টি আছে দুর্নীতি আর দুর্নীতি।" এই ভাবেই রাজ্যের শাসকদলের নাম না করে কটাক্ষ করলেন মিঠুন।
বুধবার পূর্ব বর্ধমানের আউশগ্রামের অভিরামপুরে বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে জনসভায় উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী। সেখানে জোরদার প্রচার সারেন।
মিঠুন বলেন, "আপনারা ভাবুন কাকে ভোট দেবেন। ওরা যা দিচ্ছে সব নিয়ে নিন। ওসব আপনাদেরই পয়সা। আপনারই পয়সা আপনাকে দিচ্ছে, আসলে ঘুরিয়ে নাক দেখাচ্ছে। কিন্তু ভোটটা বিজেপিকে দিন।"
এদিন সংখ্যালঘুদের নিয়েও বার্তা দেন বলি সুপারস্টার। বলেন, বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয়। দাঙ্গা করে না বিজেপি। আমাদের এখানে কেউ স্ক্যাম করলে আমরা এক মিনিটও ভাবি না। অনেক নতুন ভোটার হয়েছে, মোদী গ্যারান্টির উপর ভরসা করুন। সিএএ নাগরিকত্ব নেওয়ার নয়, দেওয়ার আইন। ভুল বোঝাচ্ছে তৃণমূল।"
এদিন বর্ধমানের তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করেছে। সেই তীব্র গরম উপেক্ষা করেই মিঠুন চক্রবর্তী প্রচার করেন। প্রচারে ভক্তদের প্রশ্নের উত্তরও দেন। এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন, চশমা পড়ে থাকেন কেন? তিনি তখনই চশমা খুলে হেঁয়ালি করে বলেন, "আমার চোখগুলো খুব সুন্দর।" তারপর তিনি কয়েকটি সিনেমার ডায়লগ বলার পাশাপাশি নিজের লেখা গানও মঞ্চে গেয়ে শোনান।